
কিংবদন্তি ফুটবলার ও ব্রাজিলের মহাতারকা পেলে চলে গেছেন না ফেরার দেশে। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত একটায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘কালো মানিক’ খ্যাত হ্যাটট্রিক বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২।
ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা এই ফুটবলারের মৃত্যুতে বিশ্বের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মহারাজার মৃত্যুর খবরে হৃদয়ছোঁয়া বার্তায় তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারা। এবার ব্রাজিলের এই কিংবদন্তির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
আরও পড়ুন- ‘কালো মানিক’ পেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক
শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। কালো মানিক খ্যাত বিশ্ব ফুটবলের এ সম্রাটের মৃত্যু বিশ্ব ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। অনবদ্য কীর্তিগাঁথার মাধ্যমে তিনি বিশ্বের কোটি কোটি ভক্তের হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিশ্ব ফুটবলের এক বিস্ময়কর প্রতিভা ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। তিনি ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের মহানায়ক ছিলেন। ১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল কেবল ১৭ বছর। এরপর ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন তিনি।’
আরও পড়ুন- সান্তোসের সবুজ গালিচায় হবে পেলের শেষকৃত্য
সর্বোপরি পেলের বিদেহী আত্মার শান্তিকামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
প্রসঙ্গত, পেলে দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। কাতার বিশ্বকাপ চলাকালে তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছিল। যার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু তার শরীরে কেমো থেরাপি কাজ না করায় ‘অ্যান্ড-অব-লাইফ কেয়ার ইউনিটে’ নেওয়া হয়। এবং সেখানেই গত রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন পেলে।
আরও পড়ুন- কষ্টার্জিত জয়ে নারী লিগেও হ্যাটট্রিক শিরোপা বসুন্ধরার
আরও পড়ুন- গুরুতর আহত পান্তের সুস্থতা কামনা মোস্তাফিজের




