
ইংল্যান্ডের বিপক্ষে ৩৬৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৯ রানেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। একে একে সাজঘরে ফিরেছেন তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। কিন্তু একপ্রান্ত আগলে রেখেছেন লিটন দাস। বাংলাদেশি এই ওপেনার তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১১তম হাফ সেঞ্চুরি।
মঙ্গলবার (১০ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপের সপ্তম ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ডেভিড মালানের সেঞ্চুরি ও জনি বেয়ারস্টো-জো রুটের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করে ইংলিশরা।
জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে লিটন দাস ভালো শুরু এনে দেন। কিন্তু পরের ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন আরেক ওপেনার তানজিদ তামিম। রিস টপলির বল ঠিকমতো ব্যাটে নিতে না পারায় স্লিপে ক্যাচ উঠে যায় এবং সেই সুযোগ লুফে নেন জনি রেয়ারেস্টো।
তামিম আউট হওয়ার পরের বলেই পয়েন্টে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এ দিন রানের খাতা খুলতেই পারেননি তিনি। দ্বিতীয় ওভারে টানা দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপরে উইকেটে এসে টপলিকে হ্যাটট্রিকের সুযোগ থেকে বঞ্চিত করেন টাইগার দলপতি সাকিব আল হাসান।
কিন্তু তিনিও ১ রানের বেশি করতে পারেননি। টপলির করা ৫.৪ ওভারে সাকিব ফিরেছেন সরাসরি বোল্ড হয়ে। এতে মাত্র ৪৯ রান তুলতেই টপঅর্ডারের চার ব্যাটসম্যান আউট হন। তবে এক্ষেত্রে ব্যতিক্রম লিটন দাস। তিনি নিজস্ব স্টাইলে রান তুলে যাচ্ছেন ইংলিশ বোলারদের বিপক্ষে।
এই মুহূর্তে তার সঙ্গে উইকেটে রয়েছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। এর মধ্যে মাত্র ৩৮ বল খেলে ক্যারিয়ারের ১১তম হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন। এর মধ্যে ৭টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভার শেষে ৪ উইকেটে ৮৭ রান। লিটন ৬০ ও মুশফিকুর রহিম ১৪ রানে ব্যাট করছেন।




