
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজটিতে ১-১ এ সমতা আনলো বাংলাদেশ ইমার্জিং দল। লঙ্কানদের দেওয়া ২৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বৃষ্টি আইনে ২১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫০ ওভারে ২৯৭ রান করে স্বাগতিকরা।
জবাবে ব্যাট করতে নেমে ৩৬ ওভারে ২ উইকেট হারিয়ে ২০০ রান তোলে সফরকারীরা। এরপরই নামে বৃষ্টি।
বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত মাঠে গড়ানো সম্ভব হয়নি খেলা। আর তাতেই ২১ রানে জয়ী ঘোষণা করা হয় বাংলাদেশকে।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন আহান উইক্রামাসিংহে। সোনাল দিনুশার ব্যাট থেকে আসে ৬২ রানের ইনিংস। শেষ দিকে বিজয়কান্থ ভিয়াসকান্থ, চামিন্দু উইক্রামাসিংহের ক্যামিও ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় যায় লঙ্কানরা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মুশফিক হাসান। আরেক পেসার আহমেদ শরিফ নেন দুটি উইকেট।
রান তাড়ায় প্রথম ওভারেই ফেরেন অমিত হাসান। তবে সেই রেশ কাটিয়ে আক্রমণের পথে হাঁটেন পারভেজ ইমন। প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ করে ৬২ রান। ১২তম ওভারে ইমন আউট হওয়ার আগে ৬ চারে ৩৫ রান করেন।
এরপর আর উইকেট পড়তে দেননি নওরোজ নাবিল প্রান্তিক ও মাহমুদল হাসান জয়। দেখেশুনে খেলে ধীরেসুস্থে এগিয়ে নেন দলকে। প্রান্তিক ৭০ ও জয় ৫৯ বলে ফিফটি পূর্ণ করেন।
বৃষ্টি নামায় ৮ রানের জন্য সেঞ্চুরি করা হয়নি প্রান্তিকের। ১১৬ বলের ইনিংসে ৯ চার ও ১ ছক্কা মারেন ১৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। ৬৯ বলের ইনিংসে জয় চার মারেন ৪টি।




