
ভারতে চলমান বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা চার ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে টাইগাররা। হারের বৃত্ত থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেনে নিজেদের ষষ্ঠ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
এদিন বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয় নেদারল্যান্ডস। শুরুতেই ডাচ শিবিরে আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ফলে এডওয়ার্ডস ব্যাট হাতে প্রতিরোধ গড়লেও তা বড় সংগ্রহের জন্য যথেষ্ট ছিল না।
ডাচদের বিপক্ষে বোলাররা শুরুতেই উইকেট এনে দেয়ায় দারুণ খুশি তাসকিন। ইনিংস বিরতিতে যাওয়ার পূর্বে ডানহাতি এই পেসার জানান, ডাচদের বিপক্ষে বোলারদের পারফরম্যান্স আগামী ম্যাচগুলোতে আরও ভালো করতে অনুপ্রেরণা দেবে।
তিনি বলেন, ‘কাঁধের ইনজুরির জন্য আমি দুইটি ম্যাচ খেলতে পারিনি। আসলে এটা পুরাতন একটা চোট যেটা হঠাৎ করে বেড়ে গেছে। আমি ৭-৮ দিন বিশ্রাম নিয়েছি এবং পুনরায় মাঠে ফিরতে পারায় আনন্দিত। আমি মনে করি, কিছু ম্যাচ পর আমাদের বোলাররা পাওয়ারপ্লেতে উইকেট পেয়েছে। আগামী ম্যাচগুলোতে এটি আমাদের আত্মবিশ্বাস দেবে। উইকেট কিছুটা ধীর ছিল, তারপরও ভালো। আমি আশা করি এই রান আমরা তাড়া করতে পারব।’
এদিকে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। ৯ বলে ৩ রান করা বিক্রমজিৎকে প্যাভিলিয়নে ফেরান তাসকিন। পরের ওভারেই আরেক ওপেনার ম্যাক্স ও ডাউডকে পরাস্ত করেন শরিফুল ইসলাম। শুরুর সেই চাপ সামাল দেন ওয়েসলি বারেসি ও কলিন অ্যাকারম্যান। কিন্তু নিজেদের সেই জুটি বেশি বড় করতে পারেননি তারা। এই দুই ডাচ ব্যাটারের ৫৯ রানের জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। ৩৩ বলে ১৫ রান করা কলিন অ্যাকারম্যানকে ফেরান সাকিব।
দুজনের বিদায়ের পর ডাচদের হাল ধরেন স্কট এডওয়ার্ডস। যদিও ডাচ এই ব্যাটারের দুইটি ক্যাচ ছাড়েন টাইগার ফিল্ডাররা। ৬ চারে ৮৯ বলে ৬৮ রান করা এই ব্যাটার আউট শেষ পর্যন্ত আউট হন ক্যাচ দিয়েই।
এঙ্গেলব্রেখটকে ফেরান মাহেদী হাসান। আউট হওয়ার পূর্বে ৬১ বলে ৩৫ রান করেন তিনি। শেষ দিকে লোগান ফন বিকের ১৬ বলে ২৩ রানের ক্যামিও ইনিংসে দুইশ পার করে নেদারল্যান্ডস। বাংলাদেশের পক্ষে দুইটি করে উইকেট লাভ করেন শরিফুল, তাসকিন, মোস্তাফিজ ও মাহেদী হাসান।




