
স্প্যানিশ ফুটবলের ঘরোয়া লিগ লা লিগার বর্তমান সভাপতি জাভিয়ের তেবাস। আসন্ন নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজের ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ কথা নিজেই জানিয়েছেন ৬১ বছর বয়সী এই সংগঠক।
টুইট বার্তায় তেবাস লিখেছেন, ‘কয়েক মিনিট আগে আমি সভাপতির পদ ছেড়ে দিয়েছি। যদিও বতর্মান মেয়াদ ছিল ২৩ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু মেয়াদ পূর্ণ হবার আগেই আমি পদত্যাগ করলাম। অচিরেই নতুন নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, যেখানে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। সুতরাং ক্লাবগুলোকে বলব যে সব চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হচ্ছি তা নিরসনে (আমার ওপর) আস্থা রাখার জন্য।’
লা লিগা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া শুরুর জন্য অচিরেই একটি ইলেক্ট্ররাল কমিশন গঠন করা হবে। এই মুহূর্তে সভাপতি পদের একমাত্র প্রার্থী হলেন তেবাস। যদিও এখনও নির্ধারিত হয়নি নির্বাচনের তারিখ। তবে টানা চতুর্থবারের মতো সভাপতি হবার আশা করছেন তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালের এপ্রিলে প্রথমবারের মতো লা লিগার সভাপতি নির্বাচিত হন তেবাস। এরপর ২০১৬ এবং ২০১৯ সালেও পুনরায় ওই পদে নির্বাচিত হন তিনি।




