
বাংলাদেশের পেসারদের উন্নতির পেছনে বড় ভূমিকা ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি পেসার ও কোচ অ্যালান ডোনাল্ডের। তার অধীনে টাইগাররা যেন হয়ে ওঠে পুরো পেস নির্ভর। বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাসকিন-এবাদতদের সাথে কাটানো অধ্যায় শেষ করেছেন ডোনাল্ড। বিসিবি থেকে চুক্তি বাড়ানোর প্রস্তাব থাকলেও তাতে রাজি হননি এই প্রোটিয়া কোচ।
এরপর গুঞ্জন ছিল বাংলাদেশের দায়িত্ব ছেড়ে এশিয়ান আরেক দেশ শ্রীলঙ্কায় পা রাখতে যাচ্ছেন ডোনাল্ড। তবে প্রোটিয়া কিংবদন্তি জানিয়েছিলেন নিজ দেশেই ফিরতে চান তিনি। অবশেষে তার কথাই সত্যি হলো। নিজ দেশ দক্ষিণ আফ্রিকাতেই নতুন কর্মক্ষেত্র খুঁজে পেয়েছেন সাদা বিদ্যুৎ খ্যাত এ পেসার। বাংলাদেশের সাবেক হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে আবারও জুটি বাঁধলেন তিনি।
টাইগারদের দায়িত্ব ছেড়ে নিজ দেশ দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট দল ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের দায়িত্ব নিয়েছেন অ্যালান ডোনাল্ড। দলটির বোলিং কোচ হিসেবে কাজ করবেন তিনি। ডোনাল্ডের নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একাধিক পোস্ট শেয়ার করে নিশ্চিত করেছে ডিপি ওয়ার্ল্ড লায়ন্স। লায়ন্সের ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন দেশটির সাবেক ওপেনার হাসিম আমলাও।
কোচিং ক্যারিয়ারের আগে খেলোয়াড় হিসেবেও ডোনাল্ড বেশ সফল ছিলেন ডোনাল্ড। ৭২ টেস্ট ম্যাচে ৩৩০ উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। ওয়ানডে ফরম্যাটে ১৭৪ ম্যাচ খেলে ২৭২ উইকেট ছিল তার। প্রথম শ্রেণির ক্রিকেটেও ১২শ’র বেশি উইকেট পেয়েছেন এই কিংবদন্তি।




