
কিছুদিন আগেও বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ছিলেন অ্যালান ডোনাল্ড। কিন্তু ওয়ানডে বিশ্বকাপের পর বিসিবির সাথে সম্পর্কের ইতি টেনেছেন তিনি। টাইগারদের কোচের দায়িত্ব ছাড়লেও শিষ্যদের এখনও মনে রেখেছেন ডোনাল্ড। এ কারণেই নেপিয়ারে দারুণ জয়ের পর বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তি।
নিউজিল্যান্ডের মাটিতে এত ম্যাচ খেললেও আগে কখনও কিউইদের হারাতে পারেনি বাংলাদেশ দল। সেই ব্যর্থতার ধারাটা অবশেষে ১৮ ম্যাচ পর ভেঙেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে কিউইদের ৯ উইকেটে হারিয়ে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। আগে বোলিংয়ে নেমে মাত্র ৯৮ রানেই নিউজিল্যান্ডকে অলআউট করে দেয় টাইগাররা।
এদিন যেন আগুনে ফর্মে ছিলেন টাইগার পেসাররা। কন্ডিশনের কিছুটা সুবিধা কাজে লাগিয়ে কিউই ব্যাটারদের বাউন্স, গতি আর সুইংয়ে নাকাল করেছিলেন শরিফুল, তানজিম সাকিব, সৌম্য সরকার ও মোস্তাফিজরা। আর এর ফলেই ৯৮ রানে খতম নিউজিল্যান্ডের ইনিংস। জবাব দিতে নেমে ২০৯ বল এবং ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে বাংলাদেশের এমন জয়ের উচ্ছ্বাস ছুঁয়ে গেছে দক্ষিণ আফ্রিকায় বসে থাকা অ্যালান ডোনাল্ডকে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে ডোনাল্ড লিখেছেন, ‘Top job by the engine room today.’ সাথে হাততালির তিনটি ইমোজির সাথে ট্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেটের অ্যাকাউন্টকেও। পোস্টের বাংলা অর্থ হচ্ছে, ‘বাংলাদেশের ইঞ্জিন রুম আজ অনেক ভালো কাজ করেছে।’
বাংলাদেশের কোচিংয়ের দায়িত্বে থাকাকালীন ক্রিকেটার এবং সমর্থক সকলের মাঝেই তুমুল জনপ্রিয় ছিলেন ডোনাল্ড। প্রোটিয়া সাবেক এই পেস তারকার বিদায়ে হতাশ হয়েছেন অনেকে। তবে যাওয়ার আগে টাইগার ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সবাইকেও ধন্যবাদ জানিয়ে গেছেন তিনি, সেই সাথে প্রতিশ্রুতি দিয়েছেন সবার সাথে যোগাযোগ রাখার। শিষ্যদের পারফর্ম্যান্সে খুশি হয়ে যেন সেই বার্তাই দিলেন তিনি।




