
ঢাকা টেস্টের প্রায় দেড় দিনই গিলে ফেলেছে বেরসিক বৃষ্টি। প্রাকৃতিক এই প্রতিবন্ধকতা শেষে শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় শুরু হয়েছে খেলা। এদিন ব্যাট হাতে নেমে আক্রমনাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তবে এই জুটিকে বেশি দূর এগিয়ে যেতে দেননি অফস্পিনার নাঈম হাসান। ৬০ বলে তাদের ৪৯ রানের এই জুটি ভাঙেন তিনি।
ইনিংসের ২১তম ওভারে নাঈমের ডেলিভারি লং-অন দিয়ে উড়িয়ে মারার চেষ্টা করেন মিচেল। তবে মিড-অফ থেকে দৌড়ে এসে দুর্দান্ত এক ক্যাচ লুফে নিয়ে ১৮ রানেই তার প্রথম ইনিংস অধ্যায়ের ইতি টানেন মেহেদী হাসান মিরাজ।
এরপর ব্যাক টু ব্যাক বল করতে এসে মিচেল স্যান্টনারকে ফেরান নাঈম। প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন হাতে ক্যাচ দিয়ে ৭ বলে ১ রানে ফেরেন এই কিউই ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ২৪ ওভার শেষে ৭ উইকেটে ৯৮ রান। ৪০ রান নিয়ে গ্লেন ফিলিপস আর কাইল জেমিসন ৯ রানে অপরাজিত আছেন।
এর আগে প্রথম দিন, টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে বাংলাদেশের ঘূর্ণিতে ৫ উইকেট ৫৫ রান নিয়ে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড। বাংলাদেশের চেয়ে ১১৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করে সফরকারীরা।




