
ভারতের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার গৌতম গম্ভীর। দেশের হয়ে ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল সাবেক বাঁহাতি এই ব্যাটারের। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সও তার অধীনে শিরোপা জিতেছিল। এতসব অর্জনের পরও গম্ভীরের আছে আরও এক পরিচয়। তর্কে জড়াতে এবং ছোট-বড় সবাইকে নিয়ে সমালোচনা করতে যেন তার জুড়ি নেই। সেই তর্কে জড়িয়েই আরও একবার খবরের শিরোনাম হলেন গম্ভীর।
গত আইপিএলে বিরাট কোহলির সঙ্গে তর্কে জড়িয়েছিলেন গম্ভীর। সে সময় লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে ছিলেন গম্ভীর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে হেরে যাওয়ার পর কোহলি-গম্ভীর তর্কে জড়ান। সে সময় দুজনের হাতাহাতির ভিডিও ভাইরাল হয় অন্তর্জালে। এদিকে গম্ভীর নতুন করে তর্কে জড়িয়েছেন সাবেক ভারতীয় পেসার এস শ্রীশান্তের সঙ্গে।
সাবেক ক্রিকেটারদের নিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে লেজেন্ডস লিগ। এই ফ্যাঞ্চাইজি লিগে গত বুধবার ম্যাচ চলাকালে বাগবিতণ্ডায় জড়ান গৌতম গম্ভীর ও এস শ্রীশান্ত। ম্যাচ শেষে গম্ভীরকে দোষারোপ করে একাধিক ভিডিও বার্তা দেন শ্রীশান্ত। এমন কাণ্ডে এবার শ্রীশান্তকে আইনি নোটিশ দিয়েছেন লেজেন্ডস ক্রিকেট লিগের (এলএলসি) কমিশনার।
লিজেন্ডস লিগে ইন্ডিয়া ক্যাপিটালস বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচে ঘটেছে এমন ঘটনা। শ্রীশান্তের করা এক ওভারে পরপর চার-ছয় হাঁকান গম্ভীর। এ সময় গম্ভীরের দিকে রাগী চোখে তাকিয়ে থাকেন শ্রীশান্ত। এরপর এ দুজনের মাঝে মাঠেই বেঁধে যায় বাগ-বিতণ্ডা। তবে দুই দলের ক্রিকেটার এবং আম্পায়ারদের সৌজন্যে সেখানে আর ঘটনা বড় হয়নি।
ভারতের সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে' এক প্রতিবেদনে জানিয়েছে, শ্রীশান্ত চুক্তির ধারা ভেঙেছেন বলে এসএলসি তাদের আইনি নোটিশে উল্লেখ্য করেছে। এতে আরও বলা হয়েছে, গম্ভীরকে নিয়ে শ্রীশান্ত যেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন সেসব ভিডিও তুলে নিলে তার সঙ্গে আলোচনায় বসবে এলএলসি।
ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে খেলছেন গম্ভীর। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। অন্যদিকে গুজরাট জায়ান্টসের হয়ে খেলছেন শ্রীশান্ত। গত বুধবার এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে ১২ রানে জিতেছে ক্যাপিটালস। সে ম্যাচেই শীশান্তকে বারবার ফিক্সার বলেছেন গম্ভীর, এমনটাই দাবি করেছেন শ্রীশান্ত।
এদিকে এক ভিডিওতে শ্রীশান্ত বলেন, ‘কোনো প্ররোচনা ছাড়াই তিনি আমাকে এমন কিছু বলেছেন যা খুবই নির্দয়, এবং জনাব গৌতম গম্ভীরের এটি বলা উচিত হয়নি। আমি মোটেও কোনো দোষ করিনি, এ ব্যাপারটি এখনো পরিষ্কার করে বলতে চাই। ক্রিকেট মাঠে সরাসরি তিনি যা বলেছেন, তা গ্রহণযোগ্য নয়।’
কিন্তু সে ম্যাচের আম্পায়াররা শ্রীশান্ত-গম্ভীরের বাগ্বিতণ্ডা নিয়ে যে প্রতিবেদন জমা দিয়েছেন, সেখানে গম্ভীর শ্রীশান্তকে ‘ফিক্সার’ বলেছেন, এমন কোনো কিছুর উল্লেখ নেই।




