
সৌম্য সরকার কেন জাতীয় দলে, দেশের ক্রিকেটাঙ্গনে এটা বেশ পুরাতন প্রশ্ন। লঙ্কান মাইন্ড-মাস্টার চন্ডিকা হাথুরুসিংহের ফেভারিট তকমা নিয়েই বারবার জাতীয় দলে সুযোগ মিলছে তার, এটা অনেকাংশেই ওপেন সিক্রেট। তবে কোচ-নির্বাচকদের দাবি, ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের ভিত্তিতে বারবারই দলে জায়গা করে নিয়েছেন সৌম্য।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৫১ বল খেলে ১৬৯ রানের রেকর্ডময় ইনিংস খেলেন সৌম্য। সব ছাপিয়ে জবাব দেন আলোচনা-সমালোচনার। এরপর শেষ ওয়ানডেতে বল হাতে তার শিকার ৩ উইকেট।
৫০ ওভারের মহারণ শেষে এবার টি-টোয়েন্টি সিরিজে চোখ বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচের আগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নেপিয়ারে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে সৌম্যকে প্রশংসায় ভাসালেন লঙ্কান এই কোচ।
হাথুরুর ভাষ্য, সৌম্যের পারফরম্যান্সে আমি খুবই খুশি। আমি তাকে নিয়ে সবসময় আশাবাদী ছিলাম যে সে এমন ইনিংস খেলতে পারবে। অতীতেও নিউজিল্যান্ডে সৌম্য ভালো করেছে। আমরা দেখলাম ফর্ম যেমনই থাকুক ক্লাস ইজ পার্মানেন্ট। ফর্ম অনেক কিছুর উপর নির্ভর করে, বিশেষ করে আপনার মাথায় কি চলছে। আপনি যত পরিষ্কার থাকবেন, নিজের ভূমিকা যত বুঝতে পারবেন, পরিবেশের সঙ্গে তখন নিজের পটেনশিয়াল কাজে লাগাতে পারবে।
হাথুরু যোগ করেন, আমি কিছুই করেনি, সেই করেছে সব। দ্বিতীয় ওয়ানডের আগে সে মানসিক বাঁধা ভেঙেছে। তার মধ্যে অনেক মানসিক শক্তি কাজ করেছে। আমার কোনো কৃতিত্ব নেই, সেই যা করার করেছে।
লঙ্কান এই কোচের মন্তব্য, সৌম্য মানসিকভাবে অনেক শক্তিশালী। আমার দেখা পুরো দেশের অন্যতম সেরা। সে জানত এই ম্যাচে ব্যর্থ হলে কি হতে পারে। আমরা শুধু ওর (সৌম্য) উপর আস্থা রেখেছি। তাকে আত্মবিশ্বাস দিয়েছি। পুরো দলের আস্থা ছিল ওর উপর। আমি মনে করি এ কারণেই সৌম্য ফর্ম ফিরে পেয়েছে।




