
ওয়ানডে বিশ্বকাপ শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো রাজকীয় ফরম্যাট টেস্টে হারায় বাংলাদেশ। এ ছাড়া কিউই সফরে ৫০ ওভারের সংস্করণে জয়ের আক্ষেপ মিটিয়েছে লাল-সবুজেরা। এবার বাংলাদেশের সামনে টি-টোয়েন্টি ফরম্যাটে আক্ষেপ মেটানোর পালা। তবে এর চেয়েও বড় লক্ষ্য টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহের। সেটা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ।
তবে টি-টোয়েন্টিতে এখনও ধারাবাহিক দল না বাংলাদেশ। এই ফরম্যাটে ব্ল্যাক-ক্যাপসদের মাটিতে এখনও কোনো ম্যাচ জিতেনি টাইগাররা। তাই কিউইদের হারানোটা একটু কষ্টসাধ্যই বটে।
হাথুরুর দাবি, কতটা কঠিন জিজ্ঞেস করলে বলব, আমরা এখনও নিউজিল্যান্ডে কোনো টি-টোয়েন্টি ম্যাচ জিতিনি। ওয়ানডেতে একটা জয় পেয়েছি, সেটাও সিরিজের শেষ ম্যাচ। আমরা কীভাবে খেলতে চাই, তার উপর কন্ডিশনের বড় একটা ভূমিকা আছে। একইসঙ্গে আমরা একটা চোখ রাখছি বিশ্বকাপে। আমরা বিশ্বকাপের জন্য পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি।
লঙ্কান এই কোচ যোগ করেন, বিশ্বকাপের আগে ১১টি ম্যাচ আছে। সঙ্গে আবার বিপিএলও আছে। আমরা খেলোয়াড়দের স্বাভাবিক খেলার নিশ্চয়তা দিয়ে তাদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দিতে চাই। বিশ্বকাপে ভালো করার জন্য… এটাই পরিকল্পনা। ১১টি ম্যাচই আছে আমাদের হাতে। এই পরিমাণ ম্যাচ প্রস্তুতির জন্য যথেষ্ট কি না, তা বলে লাভ নেই। এই সময়ের মধ্যেই আমাদের প্রস্তুত হতে হবে।
এদিকে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয়ের সুখস্মৃতি টি-টোয়েন্টিতে কাজে লাগাতে চান হাথুরু। তার (হাথুরু) বিশ্বাস, এই জয় মানসিকভাবে অবশ্যই সহায়তা করবে। ভালো একটা জয় পেলে তো মানসিকভাবে সাহায্য করবেই। আপনি এমন পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাইবেন। সেটা যে ফরম্যাটই হোক। এই জয় আমাদের টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাস দেবে।




