
বিশ্ব ক্রিকেটে যে কয়জন খেলোয়াড় বিভিন্ন দেশের মঞ্চ মাতিয়ে চলছেন তাদের মধ্যে ক্যারিবীয়রা অন্যতম। যে দেশে রয়েছেন গেইল, স্যামি, ব্রাভো, পোলার্ড, সিমন্স, স্যামুয়েলসের মতো তুখোড় খেলোয়াড়রা। কিছুদিন আগেই দলে ডাক পেয়েছেন গেইলরা। কিন্তু বাদ পড়ে যান ডোয়াইন ব্রাভো। তাতে কি তাই বলে কি নিজে থেমে যাবেন?
ডোয়াইন ব্রাভোও কদিন আগে জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে হয়তো আর দেখা যাবে না। তবে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে বিভিন্ন দেশ মাতিয়ে বেড়াচ্ছেন তিনি। গড়ছেন নতুন নতুন রেকর্ড। দেশের জার্সিতে খেলতে পারাটা সকলের জন্য গৌরবের বিষয়। কিন্তু তিনি রেকর্ড গড়ছেন দেশের জার্সিতে নয়। বিভিন্ন দেশের হয়ে বিভিন্ন দলের হয়ে। প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট নিয়েছেন ক্যারিবীয় তারকা।
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশে বৃহস্পতিবার মেলবোর্ন রেনেগেডসের হয়ে হোবার্ট হারিকেনসের বিপক্ষে ২৮ রানে ৫ উইকেট নেন ব্রাভো। মাইলফলক ছুঁতে তার প্রয়োজন ছিল ৫ উইকেটই। এর ৩টি উইকেটই নেন ইনিংসের শেষ ওভারে। তাতে হোবার্টকে ১৬৮ রানে বেঁধে রাখে মেলবোর্ন। পরে দলের ৭ উইকেটের জয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন ব্রাভো।
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোর বড় তারকা ব্রাভো ৪০০ উইকেট নিলেন ৩৬৫ ম্যাচে। দ্বিতীয় স্থানে থাকা লাসিথ মালিঙ্গা রয়েছেন অনেকটা পেছনে। ২৪৮ ম্যাচে শ্রীলঙ্কান গতি তারকার শিকার ৩৩১ উইকেট। তিনশ উইকেট আছে আর মাত্র একজনের- সুনীল নারিন। ২৬২ ম্যাচে ৩০৭ উইকেট নারিনের।
আর ৮ উইকেট নিলেই তিন শ’র মাইলফলক স্পর্শ করবেন সাকিব আল হাসান (২৫২ ম্যাচে ২৯২ উইকেট)। ২৬৫ ম্যাচে ২৮৭ উইকেট নিয়ে তালিকায় পাঁচ নম্বরে আছেন শহীদ আফ্রিদি।

এএ/ওয়াই




