
আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটিং ও বোলিংয়ের শীর্ষ স্থান হারিয়েছেন ভারতের বিরাট কোহলি ও পেসার জসপ্রিত বুমরাহ। তবে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের সিংহাসন ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
সবশেষ আপডেট অনুযায়ী ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অ্যারোন ফিঞ্চ। অন্যদিকে সেরা বোলারের স্থানটি দখল করে নিয়েছেন পাকিস্তানের স্পিনার ইমাদ ওয়াসিম।
ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। প্রথম স্থান থেকে ছিটকে তৃতীয় স্থানে নেমে এসেছেন কোহলি।
তালিকার চার নম্বরে আছেন ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন আছেন পঞ্চম স্থানে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ১৭ নম্বরে রয়েছেন সাব্বির রহমান, ২৬ নম্বরে সৌম্য সরকার ও ২৯ নম্বরে রয়েছেন সাকিব আল হাসান।
এদিকে আফগানিস্তানের স্পিন জাদুকর রশীদ খান উঠে এসেছেন বোলারদের তালিকার দ্বিতীয় স্থানে। প্রথম স্থান থেকে নেমে বুমরাহ নেমেছেন তৃতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বদ্রির অবস্থান ৪। এছাড়া ইমরান তাহির আছেন পঞ্চম স্থানে।
৭ নম্বরে আছেন টাইগার কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। নয় নম্বরে রয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব।
অন্যদিকে অলরাউন্ডারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তৃতীয় স্থানে আছেন সাবেক আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েল আছেন চার নম্বরে। পঞ্চম স্থানে দখল করেছেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি।
তালিকায় সাত নম্বরে আছেন টাইগার স্পিনিং অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।
ওয়াই/এসজে




