
শৃঙ্খলাভঙ্গের কারণে শিরোনামে আসা তার যেনো অভ্যাসে পরিণত হয়েছে। বলছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য সাব্বির রহমানের কথা। এর আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিয়ম ভেঙেছেন তিনি। তবে তবে এবারের বিষয়টি ভিন্ন। অভিযোগ উঠেছে মাঠের দর্শককে পিটিয়েছেন তিনি।
গেলো কয়েকটি সিরিজে ফর্মহীন সাব্বির জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলতে চট্টগ্রাম গিয়েছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো সেখানেও ছিলেন আহামরি কিছু করতে পারেননি। এনসিএলের শেষ রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচে রানের খাতা না খুলেই আউট হন তিনি। অভিযোগ উঠেছে, এ নিয়ে গ্যালারি থেকে এক দর্শক কটুক্তি করেন। সাব্বির ফিল্ডে থাকা আম্পায়ার গাজী সোহেল ও তানভির আহমেদের অনুমতি নিয়ে কিছু সময়ের জন্য মাঠের বাইরে যান। এরপর সেই দর্শককে ডেকে এনে সাইড স্ক্রিনের পিছনে মারধর করেন।
ঘটনাটি মাঠের আম্পায়ার ও ম্যাচ রেফারির কানে পৌঁছায়। সূত্র জানিয়েছে, হেয়ারিংয়ের সময় ম্যাচ রেফারির ও আম্পায়ারদের সঙ্গেও প্রচণ্ড বাজে আচরণ করেন সাব্বির।
বিসিবির শৃঙ্খলা কমিটি বিষয়টি নিশ্চিত করে। যার ফলে ম্যাচ রেফারি তার রিপোর্টে সাব্বিরের বিরুদ্ধে দর্শক পেটানোর অভিযোগ আনেন। ম্যাচ রেফারির দর্শক পিটানোর অভিযোগের পাশাপাশি বাজে আচরণের বিষয়টিও তার রিপোর্টে লিখেছেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে কঠিন শাস্তির মুখোমুখি হবেন সাব্বির।
এ বিষয়ে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, আমরা বিষয়টি ম্যাচ রেফারির রিপোর্ট থেকে জেনেছি। এ ধরনের আচরণ জাতীয় দলের কোনো ক্রিকেটারের কাছ থেকে কাম্য নয়। এমন ঘটনা বিসিবিকে বিব্রত করে। এখন পর্যন্ত কোনও ক্রিকেটারকেই ছাড় দেয়া হয়নি। কি ধরনের শাস্তি হবে সেটা কমিটিই সিদ্ধান্ত নিবে। ক্রিকেটের সুনাম নষ্ট হলে আমরা কাউকেই ছাড় দিব না। তবে যারা জাতীয় দল প্রতিনিধিত্ব করে তাদেরতো বুঝতে হবে যে কি করতে হয় আর কি করতে হয় না।
শাস্তি হিসেবে কমপক্ষে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা ও ঘরোয়া লীগে একাধিক ম্যাচে নিষিদ্ধ হতে পারেন এ সাব্বির। এর আগে বিপিএলে চতুর্থ আসরে নারী কেলেঙ্কারির ঘটনাতে সাব্বির প্রায় ১৩ লাখ টাকার জরিমানার গুণতে হয় তাকে।। বিপিএলের সব শেষ আসরের প্রথম দিকে মাঠে আম্পায়ারদের গালি দিয়ে জরিমানা দেন তিনি।
ওয়াই/এসজে




