
অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ খেলছে ভারত। এদিকে সিরিজের তিন টেস্ট খেলে ফেলেছে দুই দল। বাকি রয়েছে আরও দুই টেস্ট। এবার সে দুই টেস্টেই আম্পায়ারিং করবেন আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
মেলবোর্নে ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে সিরিজের চতুর্থ টেস্ট। সেই ম্যাচের টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন শরফুদ্দৌলা। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। তবে সেই ম্যাচেই ইংলিশ আম্পায়ার মাইকেল গফের সঙ্গে মাঠে দায়িত্ব পালন করবেন তিনি।
তিন টেস্ট শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল। চতুর্থ টেস্টের ফলাফলের ওপর নির্ভর করছে শেষ ম্যাচের গুরুত্ব। সে হিসেব বিবেচনায় ভারত-অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট হয়ে উঠতে পারে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। কারণ চতুর্থ টেস্ট ড্র হলে শেষ টেস্ট হবে সিরিজের ফল নির্ধারণী ম্যাচ।
এর আগে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার টেস্ট সিরিজেও দুর্দান্ত আম্পায়ারিংয়ে আলোচনা আসেন আইসিসির এই ম্যাচ অফিসিয়াল। ডারবান টেস্টে তার দেওয়া ৮টি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে প্রতিটিতেই ব্যর্থ হয়েছে প্রোটিয়া-লঙ্কান ক্রিকেটাররা। এর মধ্যে শতভাগই সফল ছিলেন বাংলাদেশি আম্পায়ার সৈকত।
আরটিভি/এমএম/এস




