
সাদা পোশাকে দেশের হয়ে গত বছর সর্বোচ্চ রান করেছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু চলতি বছরের শুরুটা ভালো করতে পারেননি তিনি। সিলেট টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। তবে চট্টগ্রামে ঘুরে দাঁড়িয়েছেন তিনি।সেই সাথে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ।
সেঞ্চুরির দিনে মাইলফলকের খাতাতেও নিজের নাম লিখলেন মিরাজ। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে মিরাজ টেস্ট ক্রিকেটে ২০০০ রান এবং ২০০ উইকেটের মালিক হলেন। অবশ্য ম্যাচের সংখ্যা হিসেব করলেন মিরাজ পিছেন ফেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সেই সাথে মিরাজ জায়গা করে নিয়েছেন ক্রিকেট কিংবদন্তিদের কাতারে।
৫৩তম টেস্টে এসে ২০০০ রান ও ২০০ উইকেটের ডাবল পূরণ করেছেন এই টাইগার অলরাউন্ডার। পুরো ক্রিকেট বিশ্বে যা ৫ম দ্রুততম। তার চেয়ে কম সময়ে এই ডাবল পূরণ করেছেন ইংল্যান্ডের ইয়ান বোথাম,পাকিস্তানের ইমরান খান, ভারতের কপিল দেব ও রবিচন্দ্রন অশ্বিন। এদের মধ্যে ইয়ান বোথাম ৫০ টেস্টের আগে এই ডাবল (৪২ ম্যাচ) পূরণ করেছেন।
ভারতের ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা যৌথভাবে ৫ম স্থানটি মিরাজের সঙ্গে ভাগাভাগি করছেন। মিরাজ ও জাদেজা দুজনেই নিজেদের ৫৩তম টেস্টে খেলতে নেমে ২০০০ রান ও ২০০ উইকেটের ডাবল পূরণ করেছেন। সাকিব আল হাসান ৫৪ টেস্ট খেলতে নেমে এই ডাবল পূরণ করেন।
টেস্টে দ্রুততম ২ হাজার রান ও ২০০ উইকেটের মালিক যারা
৪২ টেস্ট - ইয়ান বোথাম (ইংল্যান্ড)
৫০ টেস্ট - ইমরান খান (পাকিস্তান)
৫০ টেস্ট - কপিল দেব (ভারত)
৫১ টেস্ট - রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
৫৩ টেস্ট - রবীন্দ্র জাদেজা (ভারত)
৫৩ টেস্ট - মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)
উল্লেখ্য, সিলেটে ৫২তম টেস্ট ম্যাচ খেলতে নেমে মিরাজ তার ২০০তম উইকেট তুলে নেন। আর চট্টগ্রামে ৫৩তম টেস্ট খেলতে নেমে ২০০০ রান পূরণ করেন।
আরটিভি/এসকে




