
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বৃহস্পতিবার (১ মে) সিলেট পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল। তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। তার আগেই সিলেট গিয়ে পৌঁছেছে মুস্তাফিজরা।
কিউদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরুর আগে শুক্রবার (২ মে) থেকে চার সেশনে অনুশীলন শুরু করার কথা রয়েছে বাংলাদেশ দলের। ঢাকা ছাড়ার আগে অলরাউন্ডার সাইফ হাসান গণমাধ্যমকে বলেন, ‘এই দলটা জাতীয় দলের আগের ধাপ। চেষ্টা থাকবে ভালো কিছু করার। এটা আমাদের জন্য ভালো কিছু করার প্ল্যাটফর্ম। সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা করব।’
ক্রিকেটারদের জন্য এটিকে জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন ‘এ’ দলের কোচ মিজানুর রহমান বাবুল, 'অবশ্যই সহজ হবে না। ভালো একটা সিরিজ হবে দুই দলের জন্য। ‘এ’ দলে যারা আছেন তারা সবাই জাতীয় দলের হয়ে খেলেছেন।
আগামী ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৭ মে একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ‘এ’ দল। সিলেটের আউটার স্টেডিয়ামে ১০ মে শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষ করে দুদল দুটি চারদিনের ম্যাচ খেলার জন্য মূুখোমুখি হবে। সিরিজের প্রথম চারদিনের ম্যাচ ১৪ মে সিলেটে শুরু হবে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ২১ মে সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে।
আরটিভি/এসকে-টি




