পেহেলগামে হামলার কারণে পাকিস্তান থেকে সরে গেল টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৩ মে ২০২৫ , ০২:৪০ পিএম


ভারত-পাকিস্তান
ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে। হামলার পর সীমান্তে এখন পর্যন্ত  দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে। ভারতীয় বাহিনী তল্লাশির নামে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে। এমন অবস্থায় ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে সৃষ্ট ভারত-পাকিস্তান উত্তেজনা এবার সরাসরি পড়েছে ক্রীড়াঙ্গনে।

পেহেলগাম ঘটনার প্রতিবাদে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এ বার পাকিস্তানে আয়োজিত ভলিবল প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছে ভারত। ইসলামাবাদে খেলতে যাবে না ভারতীয় ভলিবল দল। ইসলামাবাদে অনুষ্ঠিত হবে ‘সেন্ট্রাল এশিয়ান ভলিবল’ প্রতিযোগিতা। খেলোয়াড়দের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের (সিএভিএ) পুরুষ নেশনস লিগ পাকিস্তান থেকে সরিয়ে উজবেকিস্তানে নেওয়া হয়েছে। এই টুর্নামেন্টটি ২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সূচি নির্ধারিত ছিল।

শুক্রবার(২৫ এপ্রিল) নেপালে অনুষ্ঠিত সিএভিএ-র বার্ষিক সাধারণ সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। সভায় সদস্য দেশগুলো চলমান পরিস্থিতি এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে টুর্নামেন্টটি পাকিস্তানের পরিবর্তে  নিরাপদ ভেন্যু হিসেবে উজবেকিস্তানে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। 

পাকিস্তান ভলিবল ফেডারেশনের (পিভিএফ) সিনিয়র কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ ইয়াকুব ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ভারত-পাকিস্তান সম্পর্কের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কিছু দেশ পাকিস্তানে এসে প্রতিযোগিতায় অংশগ্রহণে দ্বিধা প্রকাশ করে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং অংশগ্রহণকারী দেশগুলোর আপত্তির মুখে আয়োজক দেশ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।’

আরও পড়ুন

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের (সিএভিএ) পুরুষ নেশনস লিগে পাকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং ভারত অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, এশিয়া কাপ ও সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে খেলা হয়। ফলে পাকিস্তানও আর ভারতে ক্রিকেট খেলতে আসবে না এমনটাই দেশটির পক্ষ থেকে নানান সময়ে বলা হয়েছে। তার মাঝেই পাকিস্তানে আয়োজিত আরও একটি প্রতিযোগিতা থেকে নাম তুলে নিলো ভারত। 

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission