হামজা চৌধুরীর পর প্রবাসী ফুটবলাররা লাল সবুজ জার্সিতে খেলার জন্য আগ্রহ দেখাচ্ছেন। হামজার পর সেই তালিকায় আছেন কানাডা প্রবাসী শমিত শোম। বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন কানাডার প্রবাসী এই ফুটবলার । ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলে অভিষেক হতে পারে শমিতের। ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাকে বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য আনুষ্ঠানিক অনুমতি প্রদান করেছে। মঙ্গলবার (৬ মে) এই অনুমতি পেয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।
বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেন শমিত শোম। এরপর থেকেই কানাডিয়ান এই ফুটবলারকে লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চালাতে থাকে বাফুফে।বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে, ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি শমিত শোমকে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার অনুমতি দিয়েছে।
বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শমিতের পাসপোর্ট হাতে পেয়েই ফিফায় আবেদন করি। আজ ফিফা থেকে জানানো হয়েছে, তার বাংলাদেশের হয়ে খেলতে কোনো বাধা নেই। সব ক্লিয়ারেন্স দেয়া হয়েছে। আশা করি ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে।
শমিত শোমের বাবা-মা দুজনই বাংলাদেশি। বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসির হয়ে খেলছেন। এর আগে কানাডার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচেও অংশ নিয়েছেন শমিত।২৭ বছর বয়সী শমিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায় হলেও তার বাবা-মা দুজনই বাংলাদেশি। ২০২০ সালে তিনি কানাডার জাতীয় দলের হয়ে ২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তবে এ জাতীয় দলে আর জায়গা না হলেও ক্লাব পর্যায়ে তিনি নিয়মিত খেলছেন ।
আরটিভি/এসকে




