বৃষ্টির কারণে প্রথম দুই ম্যাচ ভেসে যাওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয় অলিখিত ফাইনালে। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে আয়ারল্যান্ডকে ৬২ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
রোববার (১৫ জুন) ব্রেডি ক্রিকেট ক্লাব মাঠে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। এটি টি-টোয়েন্টিতে তাদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। জবাবে, নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৪ রানে থেমে যায় আয়ারল্যান্ডের ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ঝড় তোলেন ওপেনার এভিন লুইস। মাত্র ৪১ বলে ৯১ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৮টি ছক্কা। অধিনায়ক শাই হোপ ২৭ বল খেলে ৫১ রান করেন। কেসি কার্টি মাত্র ২২ বল খেলে করেন ৪৯ রান। ৪টি চার ও ৪টি ছক্কায় এই রান করেন তিনি। শেষদিকে রোমারিও শেফার্ড মাত্র ৬ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।
আয়ারল্যান্ডের হয়ে ম্যাথু হামফ্রেস শিকার করেন ২ উইকেট, আর একটি করে উইকেট পান মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি ও বেঞ্জামিন হোয়াইট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। অধিনায়ক পল স্টার্লিং ৬ বলে ১৩ রান করে ফিরলেও রস অ্যাডায়ার ও হ্যারি টেক্টর ১০১ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। টেক্টর ২৫ বলে ৩৮ রানে আউট হওয়ার পর ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি।
রস অ্যাডায়ার করেন ৪৮ রান (৩৬ বল)। শেষ দিকে মার্ক অ্যাডায়ারের ১৪ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন ২৭ রানে নেন ৩ উইকেট, জেসন হোল্ডার পান ২ উইকেট। ম্যাচসেরা নির্বাচিত হন বিধ্বংসী ইনিংস খেলা এভিন লুইস।
আরটিভি/এসকে




