
বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের একটি পুরনো অভিযোগ হলো ক্রিকেটারদের হাতে জোর নেই, বল মারলে বাউন্ডারি পার হয় না। তবে এই সমস্যা সমাধানে দেশের তারকা গলফার সিদ্দিকুর রহমানের শরণাপন্ন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি থেকে প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন সিদ্দিকুর রহমান। কয়েক দিন আগেই বিসিবি সভাপতির উপদেষ্টা নিয়োগ পাওয়া সৈয়দ আবিদ হোসেন সামির মাধ্যমে প্রস্তাব পেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
তবে এর মাঝেই উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন সামি। সাক্ষাৎকার দেওয়ার সময়ই বিষয়টি জানতে পারেন সিদ্দিকুর। বিসিবির সঙ্গে কাজ করতে চান কিনা এমন প্রশ্ন করা হয় তাকে।
জবাবে গলফ তারকা বলেন, আসলে আমার ব্যস্ত শিডিউল। এই ব্যস্ত শিডিউলের সাথে মিলিয়ে বিসিবিকে একটা শিডিউল দেব। যদি সেভাবে হয় তাহলে সম্ভব। ৮ জুলাই দেশে ফিরব। একদিন থেকে ১০ জুলাই মালয়েশিয়ায় যাব। সেখান থেকে ফেরার পর যদি ক্রিকেটারদের সাথে বসতে পারি বসব।
সিদ্দিকুর রহমান এখন আছেন মরক্কোয়। তার কাছে জানতে চাওয়া হয় জাতীয় দল প্রসঙ্গে বিসিবির আলোচনা হয়েছে কিনা। তিনি বলেন, আসলে জাতীয় দল নিয়ে আমার সাথে কোনো আলোচনা হয়নি। আমাকে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সাথে কাজের কথা বলা হয়েছিল।
ক্রিকেটারদের কিভাবে জোরে বল মারার বিষয়টি শেখাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন, আমি তো ক্রিকেটার না। সেভাবে বুঝবোও না। আমি ওদের গলফের গল্প শোনাবো। গলফে কীভাবে বল জোরে মারা হয়, আমি কীভাবে মারি সেই গল্পই কর্মশালার মাধ্যমে বলবো। সেখান থেকে ক্রিকেটাররা যতটুকু ধারণা নিতে পারব।
আরটিভি/এসআর -টি




