বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের উন্নতির লক্ষ্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবির পরিচালনা পর্ষদ আজ বৃহস্পতিবার এক দীর্ঘ বৈঠক সম্পন্ন করেছে। বৈঠকে বিশেষভাবে আলোচিত হয়েছে আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে।
বিপিএল গর্ভনিং কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম গণমাধ্যমকে জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিপিএলের শুরুর তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিপিএলকে আরও আকর্ষণীয় ও বিস্তৃত করতে নতুন একটি ভেন্যু যুক্ত করার পরিকল্পনা চলছে।
বর্তমানে ঢাকা, চিটাগাং ও সিলেটের স্টেডিয়ামগুলোর সঙ্গে একটি নতুন ভেন্যুর সংযোজন হতে পারে, যদিও নতুন ভেন্যু কোনটি হবে তা এখনও নিশ্চিত হয়নি। মাহবুব আনাম জানান, বিপিএল শুরু হওয়ার আগে ভেন্যু নির্বাচিত হয়ে গেলে সেখানে ম্যাচ অনুষ্ঠিত হবে।
নতুন ভেন্যু সংযোজনের মাধ্যমে বিপিএলের ভেন্যু পরিসর সম্প্রসারিত হলে ঘরোয়া ক্রিকেটের প্রসার ঘটবে এবং দেশের বিভিন্ন অঞ্চলের ক্রিকেটপ্রেমীরা মাঠে সরাসরি খেলাগুলো উপভোগ করতে পারবে বলে আশা করা হচ্ছে।
বিসিবির এই উদ্যোগ ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করবে এবং দেশের ক্রিকেটে নতুন শক্তি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।তবে বিসিবি পরিচালক মাহবুব আনাম জানালেন কয়েকটি মাঠের কথা। বিপিএল শুরুর আগে যে মাঠ এগিয়ে থাকবে সেখানেই হবে ম্যাচ।
মাহবুব আনাম বলেন, আমাদের চেষ্টা থাকবে বিপিএলে অন্তত একটি ভেন্যু বাড়ানোর। বগুড়া ও খুলনায় বিপিএলের ভেন্যুর অডিট করার জন্য পাঠিয়েছি গ্রাউন্ডস এবং ফ্যাসিলিটিজ থেকে। বরিশালের উইকেট প্রস্তুত আউটফিল্ডেরও কিছু কাজ চলছে। তাহলে বরিশালও ভেন্যু হওয়ার যোগ্যতা অর্জন করবে। রাজশাহীর ব্যাপারে এনএসসি কাজ করছে, আমরাও তাদের সাথে যোগ হয়েছি। এই চারটা ভেন্যুর মধ্যে যেটা সেরা হবে সেটাকে আগামী বিপিএলে যোগ করব।
বিপিএল পিছিয়ে যাবে কি না এ নিয়ে মাহবুব বলেন, সরকারের তরফ থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে। নির্বাচন হয়তো ঈদের আগেও হতে পারে এমন আলাপ শুনেছি। যত ডিসেম্বরের কাছে আসবো বিপিএল শুরুর ডেট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবো। যদি ডিসেম্বর জানুয়ারিতে করতে না পারি আর একটা সময় থাকতে পারে সেই স্লটে হতে পারে। মে মাসেও আমরা খালি আছি, ডিসেম্বরে করলেও কয়েকটি লিগের সাথে সাংঘর্ষিক হয়। মে মাসে করলে আইপিএলের সাথে এটা আমরা জানি। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব।
আরটিভি/এসকে




