টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে দলকে জয়ের ধারায় রেখেছিলেন লিওনেল মেসি। তবে এবার তার গোলের ধারায় ছেদ পড়েছে, আর ইন্টার মায়ামিও হেরেছে বড় ব্যবধানে। বৃহস্পতিবার (১৭ জুলাই) এমএলএসে টিকিউএল স্টেডিয়ামে স্বাগতিক সিনসিনাটির কাছে ৩-০ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি। পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন মেসি, কিন্তু দলের হার এড়াতে পারেননি।
গত ২৫ মে ফিলাডেলফিয়ার বিপক্ষে ড্রয়ের পর এমএলএসে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছিল মায়ামি। প্রতিটি ম্যাচেই জোড়া গোল করেছিলেন মেসি। তবে সিনসিনাটির মাঠে থেমে গেছে সেই জয়রথ।
এই হারে ২০ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে নেমে গেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪৬, তবে তারা খেলেছে তিন ম্যাচ বেশি। সিনসিনাটি ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দুই নম্বরে।
বল দখলে এগিয়ে থাকলেও (৫৬ শতাংশ) মায়ামি সুযোগ তৈরি করতে পারেনি তেমন। মাত্র ২টি শট ছিল লক্ষ্যে। বিপরীতে সিনসিনাটি ১১ শটের ৬টি রেখেছিল লক্ষ্যে।
ম্যাচের ১৬ মিনিটে ওরেল্লানোর পাস থেকে জেরার্দো ভালেঞ্জুয়েলা গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইভানদার। ৭০ মিনিটে তিনি আবারও গোল করে জয় নিশ্চিত করেন। চলতি লিগে এটি ইভানদারের ১৫তম গোল, সঙ্গে রয়েছে ৭ অ্যাসিস্ট।
আরটিভি/এসকে





