লিওনেল মেসি যিনি লামিনে ইয়ামালের আইডল, এমনকি এক অর্থে ধর্মপিতাও। বার্সেলোনার রেখে যাওয়া ঐতিহাসিক ১০ নম্বর জার্সি এখন গায়ে চাপিয়ে খেলছেন স্পেনের এই উদীয়মান তারকা। দীর্ঘদিন ধরে তুলনা চললেও এবার আর কেবল তুলনা নয় মাঠেই মুখোমুখি হচ্ছেন দুজন। মেসি ও ইয়ামালের প্রথম লড়াইয়ের সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়েছে।
আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ফিনালিসিমা, যেখানে মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে, যে মাঠে ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা শিরোপা জিতেছিল।
বর্তমান ফিনালিসিমা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩–০ গোলে হারিয়ে ট্রফি জেতে আলবিসেলেস্তেরা। এর আগে ১৯৮৫ সালে ফ্রান্স এবং ১৯৯৩ সালে আর্জেন্টিনা এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল।
এই ম্যাচ দিয়েই বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামাল প্রথমবারের মতো মুখোমুখি হবেন ইন্টার মায়ামির ফরোয়ার্ড লিওনেল মেসির। একই ক্লাবের ইতিহাস, একই পজিশন রাইট উইং, বাঁ পা এবং ১০ নম্বর জার্সি সব মিলিয়ে ১৮ বছর বয়সী ইয়ামালের সঙ্গে ৩৮ বছর বয়সী মেসির তুলনা যেন অনিবার্য।
তবে এসব তুলনা বরাবরই উড়িয়ে দিয়েছেন স্পেনের তরুণ তারকা। ইয়ামালের ভাষায়, লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। কিন্তু আমি তার মতো হতে চাই না। আমি আমার নিজের পথে এগোতে চাই। যখন আমরা একে অপরের বিরুদ্ধে খেলি, সেখানে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে। তিনি জানেন, আমি তার মতো খেলতে বা তার জায়গা নিতে চেষ্টা করছি না।
মাঠে প্রথমবার প্রতিপক্ষ হলেও ইয়ামাল ও মেসির সম্পর্ক বহু পুরোনো। ২০০৭ সালে একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্য শিশু ইয়ামালের সঙ্গে ছবি তুলেছিলেন মেসি, যা ২০২৪ ইউরোর সময় ভাইরাল হয়। এছাড়া বার্সেলোনার একাডেমিতে থাকার সময় ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে মেসির সঙ্গে ইয়ামালের একাধিক ছবিও রয়েছে। সে সময় বার্সার প্রথম দলে খেলতেন এলএমটেন।
সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক ঐতিহাসিক রাত যেখানে আইডল ও উত্তরসূরি মুখোমুখি হবেন একই মঞ্চে, একই আলোয়।
আরটিভি/এসকে




