
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়ে চলমান জটিলতার মধ্যেই ঢাকায় এসেছেন এসিসির চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি। আজ বুধবার (২৩ জুলাই) সকালে ঢাকায় পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
আগেই এই সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং সহযোগী সদস্য ওমান। তবুও এসিসি সভাপতির নেতৃত্বে নির্ধারিত সময়েই ঢাকায় এজিএম আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি।
বিসিবির কৌশলী অবস্থান প্রসঙ্গে বোর্ড সভাপতি বুলবুল বলেন, ‘এসিসি আমাদের কাছে প্রস্তাব করেছিল এজিএম আয়োজন করতে চাই কি না। আমরা রাজি হয়েছি। এটা এসিসির প্রোগ্রাম, আমরা শুধু লজিস্টিক সহায়তা দিচ্ছি।’
পাশাপাশি, এসিসি সভার বাইরে নাকভি ও বুলবুলের মধ্যে দ্বিপাক্ষিক একটি বৈঠকও অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান ভবিষ্যৎ সিরিজসহ ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
এছাড়া আজ বিকাল ৪টায় এসিসি চেয়ারম্যান নাকভি সাক্ষাৎ করবেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে। সচিবালয়ে অনুষ্ঠিতব্য ওই বৈঠক শেষে রাতে একটি নৈশভোজেও অংশ নেবেন তিনি। সেখানে এসিসি ও বিসিবির ২৫০ জনের বেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন।
এজিএমে বড় দলগুলোর অনুপস্থিতি সত্ত্বেও বাংলাদেশের দৃঢ় অবস্থান এবং এসিসি সভাপতির উপস্থিতি ক্রিকেট কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরটিভি/এসকে -টি




