
গত মাস থেকে অসুস্থ ছিলেন পেশাদার রেসলিং দুনিয়ার অন্যতম বড় নাম হাল্ক হোগান। তবে গতকাল (বৃহস্পতিবার) ফ্লোরিডায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের ডব্লিউডব্লিউই তারকা। বিষয়টি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লিউই)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার প্রকৃত নাম টেরি বোলিয়া। তবে হাল্ক হোগান নামেই বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন এই রেসলার।
ডব্লিউডব্লিউইকে জনপ্রিয় করার নেপথ্যে বড় ভূমিকা ছিল হোগানের। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে পেশাদার কুস্তিতে সবচেয়ে বড় তারকা ছিলেন তিনি। হোগানের চওড়া গোঁফ ও পেশিবহুল শরীর দৃষ্টি আকর্ষণ করতো ভক্তদের।
প্রথম নয়বারের রেসলমেনিয়াতে আটবারই তিন ছিলেন প্রধান আকর্ষণ। ছয়বারের ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হোগান তার বাচনভঙ্গির জন্যও জনপ্রিয় ছিলেন।
পেশাদার কুস্তির পাশাপাশি হলিউডের ছবিতে অভিনয়ও করেছেন তিনি। তখন হোগান নিজের নামের সঙ্গে ‘হলিউড’ কথাটা জুড়ে দেন। অর্থাৎ, তাকে ডাকা হত হলিউড হাল্ক হোগান।
তার মাঝেই ১৯৯৬ সালে ডব্লিউডব্লিউই ছেড়ে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামের নতুন পেশাদার কুস্তি শুরু করেন তিনি। ফলে ডব্লিউডব্লিউই-এর প্রতিদ্বন্দ্বী হয়ে যান হোগান। তারপরেও ২০০৫ সালে তাকে ডব্লিউডব্লিউই ‘হল অফ ফেম’ দেওয়া হয়।
২০১৫ সালে হোগানের একটা ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ পাওয়ায় তার হল অফ ফেম কেড়ে নেওয়া হয়। যে সংস্থা তার ভিডিও প্রকাশ করেছিল তাদের বিরুদ্ধে মামলা করেন হোগান। তিনি মামলা জেতেন।
সবশেষ ২০২০ সালে আবার হোগানকে হল অফ ফেম দেয় ডব্লিউডব্লিউই। সারা জীবন বিতর্ক সঙ্গী থেকেছে হোগানের। আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ছিলেন হোগান। ট্রাম্পের সমর্থনে বেশ কয়েকটা সভাও করেছিলেন তিনি।
আরটিভি/এসআর




