
চোট, নিষেধাজ্ঞা আর বাজে পারফরম্যান্স—সব মিলিয়ে নেইমার জুনিয়রের সান্তোসে প্রত্যাবর্তন যেন পরিণত হচ্ছে এক দুঃস্বপ্নে। বুধবার (২৩ জুলাই) রাতে ব্রাজিলিয়ান সিরি ‘আ’ লিগে ইন্টারনাসিওনালের বিপক্ষে ২-১ গোলের হারের পর বিতর্কিত এক ঘটনায় ম্যাচশেষে নতুন করে আলোচনায় এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
ম্যাচে সান্তোস যখন ২-০ গোলে পিছিয়ে, তখন যোগ করা সময়ে আলভারো মার্টিন বাররিয়াল একটি গোল করে ব্যবধান কমিয়ে আনেন ২-১-এ। এরপরই ৯৩তম মিনিটে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান নেইমার এবং উদযাপন করেন গ্যালারির সামনে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) রিভিউয়ে দেখা যায়, বলটি পুরোপুরি গোললাইন অতিক্রম করেনি। রেফারি সিদ্ধান্ত দেন—গোল বাতিল।

এই সিদ্ধান্তের পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে ভিলা বেলমিরো স্টেডিয়ামে। দর্শকরা শুরু করেন দুয়ো, আর সেই অসন্তোষের মাঝে নিজেরও ধৈর্য হারিয়ে ফেলেন নেইমার। ম্যাচ শেষ হতেই এক দর্শকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। ভিডিও ফুটেজে দেখা যায়, হাত নেড়ে কিছু বলতে বলতে গ্যালারির দিকে এগিয়ে যান নেইমার, যদিও এক সতীর্থ এসে তাকে থামিয়ে দেন। পরে অবশ্য পরিস্থিতি সামাল দেন এই তারকা, হাসিমুখে আঙুল তুলে ‘থামছি’ বলার ভঙ্গিও করেন।
৩৩ বছর বয়সী নেইমারের এই প্রত্যাবর্তন এখন পর্যন্ত প্রত্যাশার ধারেকাছেও নেই। চোট, ইনজুরি, নিষেধাজ্ঞা—সব মিলিয়ে তিনি মাঠে সময় কাটিয়েছেন খুবই অল্প। এক ম্যাচে হাত দিয়ে বল ঠেকিয়ে দেখেছেন লাল কার্ড, করোনায় আক্রান্ত হয়ে ছিলেন আইসোলেশনে। সব মিলিয়ে তার সান্তোস-ফেরা যেন হয়ে উঠেছে অনাকাঙ্ক্ষিত এক অধ্যায়।
অন্যদিকে নেইমারের ক্লাব সান্তোসও রয়েছে কঠিন সময়ের মধ্যে। বর্তমানে লিগ টেবিলের ১৭তম স্থানে থাকা ঐতিহ্যবাহী ক্লাবটি রয়েছে অবনমন অঞ্চলের একেবারে শুরুতে। যদি এই অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে না পারে, তবে ক্লাবটির ১১১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সিরি ‘বি’-তে নেমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
নেইমারের ফেরা নিয়ে সমর্থকদের ছিল অনেক স্বপ্ন—নিজের শৈশবের ক্লাবকে আবার সাফল্যের শিখরে নিয়ে যাবেন প্রিয় তারকা। কিন্তু সময়ের সঙ্গে সেই স্বপ্নটাই যেন রূপ নিচ্ছে হতাশায়। বিতর্কিত গোল বাতিল ও দর্শকদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় সেই হতাশা যেন আরও স্পষ্ট হয়ে উঠল।
আরটিভি/এসকে/এআর




