
বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে সিঙ্গাপুরে। যেখানে আজ ক্যারিয়ারের সেরা টাইমিং করেছেন বাংলাদেশের অ্যানি আক্তার। তারপরও দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিযোগীদের তুলনায় এখনও অনেক পিছিয়ে রয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ১ মিনিট ৮ দশমিক ৪৩ সেকেন্ড সময় নিয়ে বিশ্বব্যাপী ৮২ প্রতিযোগীর মধ্যে ৭৭তম স্থান অর্জন করেন অ্যানি। এই সময়ে তিনি দুই নম্বর হিটে ১০ জনের মধ্যে ষষ্ঠ হন।
দক্ষিণ এশীয় সাঁতারুদের মধ্যে সবচেয়ে ভালো করেছেন শ্রীলঙ্কার হিরুকি ডি সিলভা, ৫৯ দশমিক ৮৩ সেকেন্ড সময় নিয়ে ৪৯তম স্থান দখল করেন তিনি।
মালদ্বীপের আমনা মিরাসাদ ১ মিনিট ৪ দশমিক শূন্য ৪ সেকেন্ডে শেষ করে ৭২তম হন, আর নেপালের আর্যা মহারজন ১ মিনিট ৫ দশমিক ৪৩ সেকেন্ড সময় নিয়ে ৭৫তম স্থান লাভ করেন।
গত মে মাসের জাতীয় বয়সভিত্তিক সাঁতারে ১২টি স্বর্ণ জিতে রেকর্ড গড়েছিলেন অ্যানি। তারপরই ফেডারেশন তাকে বিশ্ব সাঁতারের জন্য নির্বাচিত করে।
আর সেই সুযোগ কাজে লাগিয়ে সেরা টাইমিং করেছেন অ্যানি। এরপর ২০২৩ কমনওয়েলথ ইয়ুথ গেমসে অ্যানির সর্বোচ্চ টাইমিং ছিল ১ মিনিট ১২ দশমিক ২০ সেকেন্ড।
উল্লেখ্য, আগামী ২ আগস্ট ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অংশ নেবেন অ্যানি। একই দিনে সামিউল ইসলাম রাফি ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে অংশ নেবেন।
আরটিভি/এসআর -টি




