
ওভালের রোমাঞ্চকর টেস্টে ভারতের ঐতিহাসিক জয়ের নায়ক মোহাম্মদ সিরাজ। শেষ ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা এই পেসার হয়ে উঠেছেন কোটি ভারতীয়ের গর্ব। কিন্তু তার এই সাফল্যের পেছনে ছিল এক গভীর মানসিক প্রস্তুতি। আর তার কেন্দ্রে ছিলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও একটি শব্দ: "বিশ্বাস"।
জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে ভারতীয় বোলিং ইউনিটের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সিরাজ। চাপের মুখে কীভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন তিনি? ম্যাচশেষে এক সাক্ষাৎকারে সিরাজ জানালেন, সোমবার ভোরে ঘুম থেকে উঠে গুগলে খুঁজে পেয়েছিলেন রোনালদোর একটি ছবি, যার ওপরে লেখা ছিল "BELIEVE"। সেই ছবিটিই তিনি মোবাইল ওয়ালপেপারে সেট করে মাঠে নেমেছিলেন।
সংবাদ সম্মেলনে নিজের ফোন দেখিয়ে সিরাজ বলেন, “দেখুন, এই ছবিটাই মোবাইলের ওয়ালপেপারে রেখেছিলাম। আসলে বিশ্বাসই ছিল যে আমি পারব... নিজের ওপর বিশ্বাস রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।”
)
সিরাজের এই 'বিশ্বাস'-ই যেন ইংল্যান্ডের জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। ওভালের শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান, ভারতের চাই ৪ উইকেট। এমন টানটান উত্তেজনার মুহূর্তে তিনটি উইকেট তুলে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন সিরাজ। উইকেট নেওয়ার পর তাঁর স্বভাবসুলভ রোনালদো স্টাইল ‘সি-ই-ই-উ’ সেলিব্রেশনও দেখা যায়।
সিরিজ জুড়ে বল হাতে দারুণ ছন্দে ছিলেন সিরাজ। পুরো সিরিজে খেলে ফেলেছেন ১৮৫.৩ ওভার, নিয়েছেন সর্বোচ্চ ২৩ উইকেট। অনেকেই বলছেন, এই পরিমাণ ওয়ার্কলোড প্রায় আইপিএলের ৪৭টা ম্যাচ খেলার সমান। কিন্তু সিরাজ জানিয়ে দিলেন, “আমি তো নিজের জন্য বল করি না, দেশের জন্য বল করি।”
শেষে যোগ করেন, “আমি সব সময় বিশ্বাস করি, যে কোনও জায়গা থেকে ম্যাচ জেতাতে পারি। আজকের সকালটাও আলাদা ছিল না।”
বিশ্বাসের জোরেই এক সময়ে ‘খলনায়ক’ তকমা পাওয়া সিরাজ রূপ নিয়েছেন ‘নায়ক’-এ। আর তার প্রেরণা হয়ে পাশে ছিলেন রোনালদোর ছবি, বিশ্বাস আর উৎসাহ।
আরটিভি/এসকে




