
সবঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপের এবারের আসর। এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়াই করছে পাকিস্তান। এই সিরিজের মাঝ পথে ইনজুরিতে পড়েছেন ফখর জামান।
দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তার ইনজুরি নিবিড়ভাবে বোর্ড পর্যবেক্ষণ করছে। একইসঙ্গে লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে তার যথাযথ পুনর্বাসনের ওপরও জোর দিয়েছে। এ কারণে এশিয়া কাপে ফখরের খেলা প্রায় অনিশ্চিত বলা যায়।
একইসাথে বিকল্প চিন্তা নিয়েও ভাবছে পিসিবি। এরপর থেকেই আলোচনায় এসেছে বাবর আজম। দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি দলের বাইরে রয়েছেন বাবর আজম। তবে ফখরের বদলি হিসেবে ওয়ানডে সিরিজে দেখা যেতে পারে এই ডান হাতি ব্যাটারকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবরের পারফরম্যান্সও এশিয়া কাপের দলে ফেরার জন্য বিবেচ্য হবে। বাবর যদি নির্বাচকদের আশ্বস্ত করতে পারেন তবে টি-টোয়েন্টি জাতীয় দলে তার ফেরার পথ সুগম হবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দল থেকে বাদ পড়ার পর মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহকে নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সাথে দেখা করেছেন বাবর। এ মাসের দ্বিতীয় সপ্তাহে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে পিসিবি।
আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম হংকংয়ের মধ্যকার ম্যাচটি দিয়ে এশিয়া কাপ শুরু হচ্ছে। সর্বমোট আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। গ্রুপ-এ’তে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। তাদের সাথে এই গ্রুপে আরও রয়েছে ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
আরটিভি/এসআর




