
জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ যুবারা। অলরাউন্ড নৈপুণ্যে জ্বলে উঠেছেন সামিউন বাসির। বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে খেলেছেন ম্যাচ জয়ের মূল ইনিংস।
বুধবার (৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। কিন্তু শুরু থেকেই নড়বড়ে ছিল প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। ব্যান্ডাইল এমবাথা (৩৯) ও পল জেমস (৩৩) ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। সানজিদ মজুমদারের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৪৭ রানেই অলআউট হয় প্রোটিয়ারা। তিনি একাই নেন ৪ উইকেট। এ ছাড়া আল ফাহাদ ও সামিউন বাসির নেন ২টি করে উইকেট, আর ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেন নেন ১টি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৬৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে পড়ে তারা চাপে। তবে সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেন সামিউন বাসির ও মোহাম্মদ আব্দুল্লাহ। ষষ্ঠ উইকেটে তাদের ৮০ রানের জুটিতেই জয় নিশ্চিত হয় যুব টাইগারদের। সামিউন খেলেন ৩৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ঝড়ো ৫২ রানের ইনিংস। আব্দুল্লাহ অপরাজিত থাকেন ২০ রানে।
প্রোটিয়াদের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন বায়ান্দা মাজোলা, তিনি ৪ উইকেট শিকার করেন। ত্রিদেশীয় এই সিরিজে জিম্বাবুয়ে, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে। এই জয়ে সিরিজে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
আরটিভি/এসকে/এস




