
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই টাস্ক ফোর্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্প নিজেই। আর ভাইস চেয়ারম্যান হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
মঙ্গলবার (৫ আগস্ট) হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এই টাস্ক ফোর্স গঠনের নির্বাহী আদেশে সই করেন। সইয়ের পর তিনি বলেন, “অলিম্পিক গেমসকে নিরাপদ রাখতে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করব।” তিনি আরও জানান, প্রয়োজনে জাতীয় নিরাপত্তা বাহিনী ও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে।
টাস্ক ফোর্স গঠনের এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন লস অ্যাঞ্জেলেসে রাজনৈতিক অস্থিরতা ও ট্রাম্পবিরোধী বিক্ষোভ বারবার সামনে এসেছে। ডেমোক্র্যাট অধ্যুষিত এই শহরে আগে থেকেই ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের বিরোধিতা করে আসছে স্থানীয় সরকার ও বাসিন্দারা।
বিশেষ করে, গত জুনে গভর্নর গ্যাভিন নিউসমের মতের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলেন ট্রাম্প, যা রাজ্য ও শহর কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।
তবে, ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ২০২৮ অলিম্পিক আয়োজক কমিটির চেয়ারম্যান কেসি ওয়াসারম্যান। তিনি বলেন, “অলিম্পিক একটি বৈশ্বিক আয়োজন, এর নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপ আমাদের জন্য আশাব্যঞ্জক।”
তিনি ১৯৮৪ সালের অলিম্পিকে ব্যবহৃত সোনা, রুপা ও ব্রোঞ্জ পদকের নমুনা উপস্থাপন করে ট্রাম্পকে অলিম্পিক মশাল বহনের আমন্ত্রণ জানান।
আরটিভি/এসকে




