
ইংল্যান্ডের ১০০ বলের লিগ ‘দ্য হান্ড্রেড’-এ দেখা গেলো বিরল এক দৃশ্য। একই ম্যাচে অভিষেক হলো দলের সবচেয়ে অভিজ্ঞ ও সবচেয়ে কনিষ্ঠ দুই ক্রিকেটারের। ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে বুধবার (৬ জুলাই) অভিষেক হয়েছে ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা পেসার জেমস অ্যান্ডারসনের এবং তরুণ স্পিনার ফারহান আহমেদের।
৪৩ বছর বয়সে নতুন করে আরেকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যাত্রা শুরু করলেন অ্যান্ডারসন। যিনি গত বছর জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। অন্যদিকে, মাত্র ১৭ বছর বয়সী ফারহান প্রথমবারের মতো দ্য হান্ড্রেডে খেলতে নেমে নিজের প্রথম বড় মঞ্চে অভিষেকের স্বাদ পেলেন।
এই দুই তারকার বয়সের বিস্তার যতটা বিস্ময় জাগানিয়া, তাদের অভিষেকও ততটাই আলোচনার জন্ম দিয়েছে। অ্যান্ডারসন যখন আন্তর্জাতিক ক্রিকেটে ১৯১ উইকেট নিয়ে দাপিয়ে বেড়াচ্ছিলেন, তখনো জন্মই হয়নি ফারহানের।
অ্যান্ডারসন এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি। তিনি ৪০১ ম্যাচে ৯৯১ উইকেট শিকার করেছেন। তার সামনে রয়েছেন কেবল মুরালিধরন (১৩৪৭) ও শেন ওয়ার্ন (১০০১)।
অন্যদিকে, ফারহান আহমেদ তার দুই বড় ভাইয়ের পথ ধরে ক্রিকেটে এসেছেন। রেহান আহমেদ, যিনি ইতোমধ্যে তিন ফরম্যাটেই ইংল্যান্ডের হয়ে খেলেছেন, তারই ছোট ভাই ফারহান মূলত একজন ডানহাতি অফস্পিনার। পাশাপাশি ব্যাট হাতেও টেলএন্ডে অবদান রাখতে পারেন।
তবে অভিষেক ম্যাচটি দুজনের কারোর জন্যই খুব একটা স্মরণীয় হয়ে থাকেনি। সাউদার্ন ব্রেভের বিপক্ষে ম্যানচেস্টার অরিজিনালস ১০০ বলে ৪ উইকেটে ১৩১ রান করলেও, লক্ষ্য তাড়া করে সাউদার্ন জয় তুলে নেয় ১ বল ও ১ উইকেট হাতে রেখে।
অ্যান্ডারসন বল হাতে ২০ বলে ৩৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ফারহানও নিজের ৫ বলে দেন ৮ রান, কিন্তু উইকেটের দেখা পাননি। ব্যাটিংয়ে ম্যানচেস্টারের হয়ে ফিল সল্ট করেন সর্বোচ্চ ৬০ রান, সমান ২২ রান আসে জস বাটলার ও মার্ক চাপম্যানের ব্যাটে। সাউদার্নের হয়ে টাইমাল মিলস নেন ৩ উইকেট এবং জয় নিশ্চিত করেন জেসন রয় (৩০) ও লিউস ডি প্লয় (২৫)।
ম্যাচে ম্যানচেস্টারের স্কট কারি নেন সর্বোচ্চ ৪ উইকেট। তবে ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনায় ছিল বয়সের ব্যবধানে অভিষিক্ত দুই তারকা—অ্যান্ডারসন ও ফারহান।
আরটিভি/এসকে




