
সম্প্রতি ইংল্যান্ড ও ভারতের মধ্যকার অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি শেষ হয়েছে। পাঁচ ম্যাচের এই সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে। ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের পর দুই দলের খেলোয়াড়দের ব্যবহৃত জার্সি, ব্যাট, ক্যাপসহ স্মারক নিলামে তোলে ‘রেড ফর রুথ’ অ্যান্ড্রু স্ট্রসের দাতব্য সংস্থা। নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের জার্সি।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, গিলের ম্যাচে ব্যবহৃত জার্সি ৪৬০০ পাউন্ডে (প্রায় সাড়ে ৭ লাখ টাকা) বিক্রি হয়। এটি নিলামে তোলা প্রায় ডজনখানেক স্মারকের মধ্যে সর্বোচ্চ মূল্য পেয়েছে। জার্সিটিতে ভারতের অফিসিয়াল টেস্ট ক্রেস্ট রয়েছে এবং খেলার দাগ আছে যা এখনও ধোয়া হয়নি।
নিলামে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছে জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার জার্সি। ৪২০০ পাউন্ড (প্রায় ৬ লাখ ৮৫ হাজার টাকা)। তৃতীয় স্থানে লোকেশ রাহুলের জার্সি, যার দাম ৪০০০ পাউন্ড। ইংল্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি দাম উঠেছে জো রুটের জার্সি—৩৮০০ পাউন্ড, এরপর অধিনায়ক বেন স্টোকসের জার্সি—৩৪০০ পাউন্ড।
নিলামে সবচেয়ে দামী ক্যাপ জো রুটের স্বাক্ষরিত ক্যাপ। যা ৩০০০ পাউন্ডে বিক্রি হয়। ভারতীয়দের মধ্যে সবচেয়ে দামী ক্যাপ ছিল ঋষভ পান্তের। দাম দেড় হাজার পাউন্ড। এ ছাড়া রুথ স্ট্রস ফাউন্ডেশনের নিলামের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়কে কেন্দ্র করে শিল্পী সাচা জাফরির তৈরি একটি ফ্রেম। দাম ৫০০০ পাউন্ড।
‘রেড ফর রুথ’ উদ্যোগটি চালু করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস। তার স্ত্রী রুথ স্ট্রস ক্যান্সারে মারা যাওয়ার পর। গত ছয় বছরে সংস্থাটি সাড়ে ৩ হাজার পরিবারকে সহায়তা করেছে এবং ক্যান্সার ও শোক মোকাবিলায় এক হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণও দিয়েছে সংস্থাটি।
আরটিভি/এসকে




