
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্ব শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। সোমবার (১১ আগস্ট) রাত দেড়টায় লাওস থেকে ব্যাংকক হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় নারী ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা বিমানবন্দরে মেয়েদের বরণ করে নেয়।
বাছাই পর্বে তিন ম্যাচের মধ্যে দুটি জিতে মূল আসরের টিকিট নিশ্চিত করে আফঈদা খন্দকারের দল। এর আগে বাংলাদেশ নারী জাতীয় দলও এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল। ফলে নারী ফুটবলে এক সঙ্গে দুই দলেরই বড় মঞ্চে খেলার সুযোগ তৈরি হলো।
গোলরক্ষক স্বর্ণা রাণী মন্ডল বলেন, আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলেছি, যা আমাদের জন্য বড় অভিজ্ঞতা। এতে বুঝতে পেরেছি আমরা কোথায় আছি এবং এই অভিজ্ঞতা পরবর্তী রাউন্ডে কাজে লাগবে।
অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, সাফল্যের পেছনে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা এবং ফেডারেশনের সহযোগিতা ছিল। তিনি আরও বলেন, আমি একা কিছুই করতে পারি না। কোচিং স্টাফ, ফেডারেশনের কর্মকর্তাসহ সবার অবদানেই এই ভালো ফল এসেছে।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল আসর আগামী বছরের এপ্রিল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরও ১১টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে।
আরটিভি/এসকে




