
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাডেমি দল দারুণ ফর্মে চীনের লিজাংয়ে চলমান তিয়ানইউ লিওফাং আমন্ত্রণমূলক টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনালে সাংহাই ইয়ারপু অ-১৭ দলকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ একাডেমি দল।
ম্যাচের ২৩ মিনিটে হেদায়েতের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সাংহাই দল সমতা ফেরায়। এরপর জ্বলে ওঠেন তাহসান। ৬৩ ও ৭৬ মিনিটে জোড়া গোল করে বাংলাদেশকে সেমিফাইনালে তোলেন তিনি।
এর আগে, গ্রুপপর্বে বাফুফে একাডেমি দল প্রথম ম্যাচে চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা একাডেমি দলকে ৮-০ গোলে হারায়। তৃতীয় ম্যাচে হেরে গেলেও রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আসে বাংলাদেশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সেমিফাইনালে বাফুফে একাডেমি দলের প্রতিপক্ষ হবে হেনান প্রভেন্সিয়াল এক্সপিরেয়ন্সিয়াল হাই স্কুল টিম।
দলের ম্যানেজার রাকিবুল ইসলাম চীনের লিজাং থেকে জানান, আগামীকাল সেমিফাইনালে প্রতিপক্ষ কঠিন হলেও আমরা আত্মবিশ্বাসী। আশা করি আমাদের জয় ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে বিশেষ ক্রীড়া আয়োজনের অংশ হিসেবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ের একটি নারী দল সম্প্রতি বাংলাদেশের নারী ফুটবল একাডেমির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল।
আরটিভি/এসকে




