
ইতিহাসে প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বানানো মানবাকৃতির রোবটরা ফুটবল ম্যাচ খেলেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হওয়া ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’-এর প্রাথমিক পর্বের এই ৫ বনাম ৫ ফরম্যাটে অনুষ্ঠিত হয় ম্যাচ।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস-এর বরাত দিয়ে টিআরটি গ্লোবাল জানিয়েছে, এর আগে এ ধরনের প্রতিযোগিতা ৩ বনাম ৩ রোবটের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবার নতুন ফরম্যাটে প্রতিটি দলে দুই ফরোয়ার্ড, দুই ডিফেন্ডার ও একজন গোলরক্ষক ছিল। ম্যাচ চলাকালে রোবটরা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে অবস্থান গ্রহণ, পাস, ট্যাকল ও শট নেয় যা কোনো মানব নিয়ন্ত্রণ ছাড়াই।
৪০ মিনিটের ম্যাচটি দুই ভাগে ভাগ ছিল। প্রতিটি ভাগে ১৫ মিনিট এবং মাঝখানে ১০ মিনিট বিরতি দেওয়া হয়। খেলার সময় কিছু রোবট পড়ে গেলেও দ্রুত উঠে আবার খেলা চালিয়ে যায়। গোলের পর মাঠে উপস্থিত থাকা দর্শকরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
রোবটদের জন্য বিশেষ কিছু নিয়ম প্রণয়ন করা হয়। যেমন, ফ্রি-কিকের পর প্রতিপক্ষ দলকে ১০ সেকেন্ড অপেক্ষা করতে হয়, যাতে এআই খেলোয়াড়রা পরিকল্পনা সাজাতে পারে। যদিও নিয়মাবলী মূলত মানুষের ফুটবলের মতো, তবে প্রযুক্তিগত কারণে কিছু ভিন্নতা রাখা হয়।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ১৬ দেশের ২৮০ দল অংশ নিচ্ছে। যেখানে ৫০০-রও বেশি রোবট ২৬টি ক্রীড়া বিভাগে ৫৩৮টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে ফুটবল, অ্যাথলেটিকস ও জিমন্যাস্টিকসও রয়েছে।
উল্লেখ্য, বেইজিংয়ে গত ২৭ জুন প্রথম এআই রোবট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। যা ছিল ৩ বনাম ৩ ফরম্যাটে মাঠে খেলা হয়।
আরটিভি/এসকে/এস




