
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের মুখে পড়েছে ইংলিশ ক্লাব ব্রাইটন। শনিবার (১৬ আগস্ট) ঘরের মাঠ আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) স্টেডিয়ামে ফুলহামের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় গ্যালারিতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন ব্রাইটনের এক সমর্থক। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত সমর্থকের বয়স ছিল ৭২ বছর।
ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, অ্যামেক্স স্টেডিয়ামের ইস্ট স্ট্যান্ডের ওপরের গ্যালারিতে ছিলেন ওই সমর্থক। তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকেরা দীর্ঘ সময় ধরে সিপিআর ও ডিফিব্রিলেটর দিয়েছিলেন। কিন্তু চিকিৎসকদের সে চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সমর্থকের মৃত্যু প্রসঙ্গে ব্রাইটনের প্রধান নির্বাহী পল বার্বার বলেছেন, ম্যাচে এমন করুণ সমাপ্তি অত্যন্ত বেদনাদায়ক। মৃত সমর্থকের পরিবার ও বন্ধুদের গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি।
বার্বার আরও যোগ করেন, যদিও আমরা ওই (মৃত) ভদ্রলোককে নিয়েই বেশি ভাবছি। তবে এ ঘটনার প্রত্যক্ষদর্শী কর্মী ও সমর্থকদের জন্যও এটি ছিল আবেগঘন ও মানসিকভাবে কষ্টকর মুহূর্ত। মানসিকভাবে বিষয়টি মেনে নেওয়া ভীষণ কঠিন। আগামী দিনগুলোতে আমরা নিশ্চিত করবো যে যারা ঘটনাটির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যথাযথ সহায়তা পান।
ঘটনার সময় খেলা বন্ধ না করার বিষয়ে ব্রাইটনের নিরাপত্তা টিম জানিয়েছে, মাঠের বেশিরভাগ দর্শক ও খেলোয়াড় ঘটনাটি জানতেন না। খেলা বন্ধ করে দিলে সবার দৃষ্টি ওই দিকে চলে যেত, এতে জরুরি চিকিৎসা কার্যক্রম ব্যাহত হতে পারত। সাসেক্স পুলিশ ও প্রিমিয়ার লিগও এ সিদ্ধান্তে সহযোগিতা করেছে।
করুণ এ মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ব্রাইটন সমর্থক মহলে।
আরটিভি/এসকে




