
লিভারপুলের তারকা মোহামেদ সালাহ আবারও ইতিহাস গড়লেন। দুর্দান্ত পারফরম্যান্সে দলকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেওয়া এই ফরোয়ার্ড রেকর্ড তৃতীয়বার প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
ম্যানচেস্টারে মঙ্গলবার (১৯ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার হাতে নেন এই ৩৩ বছর বয়সী ফুটবলার। এ নিয়ে তিনি দুইবারের বিজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি ও গ্যারেথ বেলদের ছাড়িয়ে গেলেন। এর আগে, সালাহ ২০১৮ ও ২০২২ সালে এই সম্মাননা পেয়েছিলেন।
প্রতিক্রিয়ায় সালাহ বলেন, মিশর থেকে উঠে এসে সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলে আজ আমি ইতিহাস গড়লাম। এটি আমার জীবনের গর্বের মুহূর্ত।
গত মৌসুমে সালাহ ২৯ গোল করার পাশাপাশি আরও ১৮ গোলে অবদান রাখেন। তার নৈপুণ্যেই লিভারপুল চ্যাম্পিয়ন হয়।

আর্নে স্লটের শিষ্যদের দাপট দেখা গেছে পিএফএ’র বর্ষসেরা একাদশেও। সালাহর সঙ্গে জায়গা করে নিয়েছেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, ভার্জিল ভ্যান ডাইক ও রায়ান গ্রাভেনবার্চ।
নারী ফুটবলে পিএফএ বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তি। গানারদের জার্সিতে প্রথম মৌসুমেই তিনি করেছেন ১৯ গোল এবং জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, যেখানে সাবেক ক্লাব বার্সেলোনাকে হারান। জাতীয় দলের হয়ে ইউরো ফাইনালেও খেলেছেন এই স্প্যানিশ তারকা।
পুরুষ ফুটবলে: অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স (২৩ বছর) – গত মৌসুমে ৫৪ ম্যাচে ১৪ গোল।
নারী ফুটবলে: আর্সেনালের কানাডিয়ান ফরোয়ার্ড অলিভিয়া স্মিথ (২১ বছর) – লিভারপুল থেকে রেকর্ড দামে যোগ দিয়ে প্রথম মৌসুমে ২০ ম্যাচে ৭ গোল।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১৭ সালের পর এই প্রথম ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় বর্ষসেরা একাদশে জায়গা পাননি।সবমিলিয়ে পিএফএ’র এবারের আসরে লিভারপুলের সাফল্যই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে, আর সালাহ নিজের নাম তুলেছেন ইংলিশ ফুটবলের অনন্য ইতিহাসে।
আরটিভি/এসকে




