
নেদারল্যান্ডস সিরিজ ও আসন্ন এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর মধ্যে এক সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম বিয়ে করেছেন। যদিও খবরটি একটি অননুমোদিত অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হওয়ায় তা আনুষ্ঠানিকভাবে ভেরিফায়েড ছিল না।
বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর মাঠে পৌঁছালে সাংবাদিকদের অভিনন্দনে তানজিদ তামিম মুচকি হেসে জানান, আরে ভাই, এক বছর আগে বিয়ে করেছি। তার কথায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
দলের অন্য সদস্যরা রসিকতায় অংশ নেন। শান্ত মজা করে বলেন, এক বছর আগে করেছ, দেখাচ্ছ এক বছর পর, তাহলে কী হবে? সামনের দিকে হাঁটছিলেন জাকের আলী, সে-ও এই রসিকতায় অংশ নেন।
দলের এই হালকা মেজাজ ও রসিকতা প্রকৃতপক্ষে দলের সুখকর পরিবেশের প্রতিফলন। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা টি–টোয়েন্টি সিরিজ জয় পর দলের আত্মবিশ্বাস এখন শীর্ষে। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শেষ করে বাংলাদেশ দল এশিয়া কাপের জন্য ছন্দে থাকার প্রস্তুতি নিতে চায়।
আরটিভি/এসকে/এস




