
বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের বিয়ের খবর ভক্ত-সমর্থকদের সঙ্গে শেয়ার করেন তিনি।
ফেসবুকে প্রকাশিত ছবিতে সহধর্মিনীর হাত ধরে থাকা অবস্থায় দেখা যায় তামিমকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, দুটি আত্মা, একটি হৃদয়, একসাথে চিরজীবনের পথচলা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।
সাম্প্রতিক সময়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে আসন্ন এশিয়া কাপের আগে স্বল্প বিরতিতে জীবনের এই বিশেষ মুহূর্ত উদযাপন করলেন টাইগার ওপেনার।
তানজিদ হাসান ঘরোয়া ক্রিকেট ও অনূর্ধ্ব-১৯ দলে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে জায়গা করে নেন। ২০২৩ সালে ওয়ানডে অভিষেক হয় তার। এরপর ধীরে ধীরে দলের অন্যতম নির্ভরযোগ্য ওপেনার হয়ে উঠেছেন তিনি।
এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৬টি ওয়ানডে খেলেছেন তামিম। চারটি অর্ধশতকসহ তার সংগ্রহ ৫৪৮ রান, যেখানে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস রয়েছে তার। টি-টোয়েন্টি ফরম্যাটে ২৯ ম্যাচ খেলে করেছেন ৬৫৫ রান এবং পাঁচটি ফিফটি রয়েছে তার ঝুলিতে।
আরটিভি/এসকে/এস




