
দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ আমির। টি-টোয়েন্টি ফরম্যাটে নবম বোলার হিসেবে যোগ দিলেন ৪০০ উইকেটের কাতারে। এর আগে, পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে কেবল ওয়াহাব রিয়াজই এই কীর্তি গড়েন। বর্তমানে তার ঝুলিতে রয়েছে ৪১৩ উইকেট।
চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে খেলছেন আমির। বৃহস্পতিবার (২১ আগস্ট অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে ফ্যাবিয়েন অ্যালেনকে আউট করেই ৪০০ উইকেট পূর্ণ করেন তিনি।
জাতীয় দলে আমিরের টি-টোয়েন্টি ক্যারিয়ার দীর্ঘ হয়নি। পাকিস্তানের হয়ে ৬১ ইনিংসে ৭১ উইকেট শিকার করেছেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলে ও ধারাবাহিক পারফরম্যান্স করে এই বিশেষ অর্জন ছুঁয়েছেন।
টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ৩৩৬ ইনিংস বল করেছেন আমির। এর মধ্যে দুইবার পেয়েছেন পাঁচ উইকেট এবং ৮ বার নিয়েছেন চার উইকেটের বেশি। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এই মাইলফলক তার নামকে আরও উজ্জ্বল করে তুলেছে।
আরটিভি/এসকে/এস




