
নাটকীয় জয়ে লিগস কাপের সেমিফাইনাল নিশ্চিত করলেও দুঃসংবাদ পেয়েছে ইন্টার মায়ামি। কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে বাধ্য হয়েছেন দলের প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো। নিয়ম অনুযায়ী তিনি সেমিফাইনালে থাকতে পারবেন না। তবে শাস্তি তিন ম্যাচ পর্যন্ত গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগার্স ইউএনএলকে ২-১ গোলে হারায় মায়ামি। লুইস সুয়ারেজের নৈপুণ্যে জয় পেলেও প্রথমার্ধ শেষে যোগ করা সময় নিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন মাসচেরানো। ফলে দ্বিতীয়ার্ধে ডাগআউটে থাকতে পারেননি তিনি।
সহকারী কোচ জাভি মোরালেস জানান, প্রথমার্ধে চার মিনিট অতিরিক্ত সময় ঘোষণা করা হলেও খেলাটি ছয় মিনিটের বেশি চলছিল। আমরা এ নিয়ে প্রশ্ন তুলতেই রেফারি মাসচেরানোকে লাল কার্ড দেখান।
কেবল তাই নয়, ডাগআউট ছাড়ার পরও নিয়ম ভঙ্গ করেন মাসচেরানো। ভিআইপি আসনে বসে সহকারী কোচকে নির্দেশনা দেন তিনি। এমনকি ফোনে ক্লাবের আরেকজন কোচের সঙ্গেও যোগাযোগ করেছেন বলে ফুটেজে দেখা গেছে।
ফলে এই আর্জেন্টাইন কোচের শাস্তি বাড়তে পারে। টুর্নামেন্ট আয়োজকদের সিদ্ধান্তে হয়তো তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হতে পারে। মায়ামির হয়ে এদিন জোড়া গোলের সুযোগ নষ্ট করলেও শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে জয় উপহার দেন লুইস সুয়ারেজ।
আরটিভি/এসকে/এস




