
ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স আজও জয়ী হতে পারেনি, যদিও সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান তার বোলিং কোটা পূর্ণ করেই নিয়ন্ত্রিত বোলিং করেছিলেন।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে অ্যান্টিগা ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান করে। ব্যাট হাতে সাকিব ১৪ বল খেলে ১৩ রান করেন। দলের শুরুটা ছিল বিপর্যস্ত, কারণ রাকিম কর্নওয়াল ও করিমা গোর দ্রুত আউট হন। জুয়েল অ্যান্ড্রু ৩১ বলে ৪০ রান করেন। মিডল অর্ডারের ব্যাটসম্যান আন্দ্রেস গুস ১৪ এবং ইমাদ ওয়াসিম ২৫ বলে ৩৭ রান ও উসামা মির ২৬ বল খেলে ৩৪ রান করেন।
ত্রিনবাগো নাইট রাইডার্স লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে ৮ বল ও ৮ উইকেট বাকি রেখে সহজ জয় নিশ্চিত করে। ওপেনার কলিন মানরোকে ফেরালেও সাকিবের বোলিং দলের জন্য কার্যকর হয়নি। কেসি কার্টি ও অ্যালেক্স হেলস ৮৭ রানের জুটিতে জয় নিশ্চিত করেন। চার নম্বরে নিকোলাস পুরান ১১ বলে ২৩ রান করে দলের জয় আরও সহজ করে দেন। হেলসের ক্যারিয়ারের ৮৮তম টি-টোয়েন্টি ফিফটি পূর্ণ হয়। যা সর্বোচ্চ ফিফটি করা ব্যাটসম্যানদের তালিকায় ষষ্ঠ। নাইট রাইডার্সের শীর্ষ বোলার ছিলেন মোহাম্মদ আমির (৩ উইকেট), আকিল হোসেন ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট তুলে নেন।
অ্যান্টিগার পক্ষে সাকিব ছাড়া একমাত্র উইকেট নেন জেইডেন সিলস। এই হারের পরও ৭ ম্যাচে ৩ জয়ে সাকিবের অ্যান্টিগা পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। যদিও অন্যান্য দল কম ম্যাচ খেলেছে। দুইয়ে থাকা ত্রিনবাগো ৪ ম্যাচের মধ্যে ৩টিতে জয় পেয়েছে।
আরটিভি/এসকে




