
পাকিস্তান ক্রিকেটের মারকুটে ব্যাটার আসিফ আলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিদায়ী বার্তায় আবেগঘন আসিফ লিখেছেন,পাকিস্তানের জার্সি গায়ে দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। দেশের হয়ে মাঠে নামা ছিল সবচেয়ে সম্মানজনক অধ্যায়। ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়েই আমি ঘরোয়া ও লিগ ক্রিকেটে খেলে যাব।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় আসিফ আলির। একই বছরে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়েন তিনি। ফাইনালে টানা তিন ছক্কা মেরে দলকে শিরোপা এনে দেন, সেখান থেকেই জাতীয় দলে ডাক পান।
আসিফ পাকিস্তানের হয়ে খেলেছেন ২১টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি। মূলত মধ্যপর্যায়ে ‘ফিনিশার’ হিসেবে ব্যাট করতেন তিনি। তবে ব্যাটিং অর্ডারে দেরিতে নামার কারণে নিজের সামর্থ্য পুরোপুরি কাজে লাগাতে পারেননিএমন মতামত রয়েছে ক্রিকেট বিশ্লেষকদের।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৭ বলে ২৫ রানের ম্যাচ জেতানো ইনিংসই তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। ওই ইনিংসে ১৯তম ওভারে চারটি বিশাল ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে সেমিফাইনালে তুলে দেন তিনি। এক বছর পর এশিয়া কাপে ভারতের বিপক্ষেও ৮ বলে ১৬ রানের ঝড়ো ইনিংসে দলকে ফাইনালে তুলেছিলেন।
তবে এরপরই তার ফর্মের অবনতি ঘটে। ২০২২ বিশ্বকাপে ছিলেন না মূল দলে। তরুণ হার্ডহিটারদের উত্থানে আসিফ ধীরে ধীরে ছিটকে যান। জাতীয় দলের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ভারতের বিপক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।পরবর্তীতে ২০২৩ এশিয়ান গেমসে পাকিস্তানের দ্বিতীয় সারির দলে খেলেছিলেন তিনি।
আন্তর্জাতিক মঞ্চকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট ও বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগে আসিফ আলিকে এখনও ব্যাট হাতে দেখা যাবে।
আরটিভি/এসকে




