
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলের ম্যাচগুলোতে দেখা গেল চমক ও আধিপত্যের লড়াই। স্পেন ও বেলজিয়াম নিজেদের প্রথম ম্যাচেই সহজ জয় পেলেও বড় অঘটনের শিকার হয়েছে জার্মানি।
‘ই’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বুলগেরিয়ার বিপক্ষে মাঠে নামে স্পেন। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য দেখায় লা রোজারা। ৭৮ শতাংশ বল দখল করে ২৪টি শট নেয় তারা। প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে স্পেন।
৫ মিনিটে মিকেল ওয়ারজাবাল, ৩০ মিনিটে মার্ক কুকুরেলা এবং ৩৮ মিনিটে মিকেল মারিনোর গোল স্পেনকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিশ্চিত করে দে লা ফুয়েন্তের দল। জয় দিয়ে বিশ্বকাপ কোয়ালিফাইয়ের মিশন শুরু করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
অন্যদিকে ‘জে’ গ্রুপে দুর্বল লিচেনস্টাইনের বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে বেলজিয়াম। ম্যাচে ৬-০ ব্যবধানের জয়ে উজ্জ্বল ছিল জুডি গার্সিয়ার শিষ্যরা। দলের হয়ে জোড়া গোল করেন ইউরি টিলেম্যানস। এছাড়া ম্যাক্সিম ডি কুইপার, আর্থার থিয়েট, কেভিন ডি ব্রুইনে এবং মালিক ফোরফানা একটি করে গোল যোগ করেন।
সবচেয়ে বড় চমক দেখা যায় ‘এ’ গ্রুপে। কাগজে কলমে অনেক শক্তিশালী জার্মানি হেরে বসে স্লোভাকিয়ার বিপক্ষে। ফিফা র্যাঙ্কিংয়ে ৪৩ ধাপ পিছিয়ে থাকা দলটির কাছে ২-০ গোলে হারতে হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।
পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেনি জার্মানি। স্লোভাকিয়ার হয়ে গোল করেন ডেভিড হ্যানকো এবং ডেভিড স্ট্রেলেক।
স্পেন ও বেলজিয়াম যেখানে জয় দিয়ে কোয়ালিফাইং মিশন শুরু করল, সেখানে জার্মানির এই হার বিশ্বকাপ বাছাইয়ের শুরুতেই বড় ধাক্কা হয়ে দাঁড়াল।
আরটিভি/এসকে




