
প্রায় দুই বছর পর নেইমারের জাতীয় দলে ফেরার কথা থাকলেও চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি তার। একইভাবে ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোকেও ছাড়াই মাঠে নামে ব্রাজিল। তবে তারকাদের অনুপস্থিতি খুব একটা অনুভব হয়নি কার্লো আনচেলত্তির শিষ্যদের। বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠ রিও ডি জেনিরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে শুক্রবার (৫ সেপ্টেম্বর) চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সেলেকাওরা।
ব্রাজিলের হয়ে গোল করেছেন এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গিমারাইস। পুরো ম্যাচে বল দখলে ৬৪ শতাংশ এগিয়ে ছিল স্বাগতিকরা। গোলের উদ্দেশে ২২টি শট নিলে এর মধ্যে সাতটি ছিল টার্গেটে। বিপরীতে চিলি ৩৬ শতাংশ বল দখলে রাখলেও তাদের তিনটি শটের কোনোটিই লক্ষ্যে পৌঁছায়নি।
দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ পায় ব্রাজিল। রাফিনিয়ার ক্রসে হেড করলেও গোল পাননি গাব্রিয়েল মাগালিয়াইস। দুই মিনিট পর কাসেমিরো বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। অবশেষে ৩৮তম মিনিটে রাফিনিয়ার শট থেকে ফেরত আসা বলে বাইসাইকেল কিকে গোল করেন চেলসির ফরোয়ার্ড এস্তেভাও।
প্রথমার্ধে চিলির মারিপানকে লাল কার্ড দেখালেও ভিএআর দেখে তা কমিয়ে আনা হয় হলুদে। যোগ করা সময়ে হেডে সুযোগ নষ্ট করেন কাসেমিরো।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার সুযোগ মিস করেন এস্তেভাও। তবে ৭১তম মিনিটে বদলি হিসেবে নামার পরপরই লুইস এইহিকের ক্রসে কাছ থেকে হেডে গোল করেন লুকাস পাকেতা। পাঁচ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন ব্রুনো গিমারাইস। এইহিকের শট ঠেকালেও ফিরতি বলে গোল পান নিউক্যাসলের এই মিডফিল্ডার।
পয়েন্ট তালিকার চিত্র
এই জয়ে ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল। শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যারা একই দিনে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট সংগ্রহ করেছে।
২৭ পয়েন্ট নিয়ে তিনে উরুগুয়ে, যারা পেরুকে ৩-০ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। ২৫ পয়েন্ট নিয়ে পাঁচে কলম্বিয়া, বলিভিয়াকে হারিয়ে তারাও নিশ্চিত করেছে বিশ্বকাপের মূলপর্ব। ২৬ পয়েন্ট নিয়ে চারে একুয়েডর, এরই মধ্যে আগেই বিশ্বকাপে জায়গা করে নেয়া দল। ২৫ পয়েন্টের এক কম নিয়ে ছয়ে আছে প্যারাগুয়ে, যারা গোলশূন্য ড্র করেছে একুয়েডরের সঙ্গে।
এদিকে আন্তমহাদেশীয় প্লে-অফের লড়াইয়ে আছে সপ্তম স্থানে থাকা ভেনেজুয়েলা (১৮ পয়েন্ট) ও অষ্টম স্থানে থাকা বলিভিয়া (১৭ পয়েন্ট)।পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বড় জয় তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। এখন সামনে লক্ষ্য সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা।
আরটিভি/এসকে




