
সাইক্লিংয়ে অংশ নিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) স্প্যানিশ কোচ লুইস এনরিক। এতে তার কাঁধের হাড় (কলারবোন) ভেঙে গেছে বলে জানিয়েছে ফরাসি ক্লাবটি। শল্যচিকিৎসার (সার্জারি) জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পিএসজি জানায়, শুক্রবার সাইক্লিং দুর্ঘটনার পর জরুরি চিকিৎসা দেওয়া হয় এনরিকেকে। কলারবোন ভাঙায় অস্ত্রোপচার করতে হবে। ক্লাব তার দ্রুত আরোগ্য কামনা করেছে এবং পরবর্তী আপডেট জানানো হবে বলে জানিয়েছে।
৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচের দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পিএসজি। তবে জাতীয় দলগুলোর ম্যাচ চলায় (সেপ্টেম্বর উইন্ডোতে) ক্লাব ফুটবল বন্ধ থাকায় অবসরে সাইক্লিংয়ে অংশ নেন এনরিকে।
আগামী ১৪ সেপ্টেম্বর লিগ ওয়ানে লেন্সের বিপক্ষে নামবে পিএসজি। এর তিনদিন পরই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা রক্ষার লড়াই শুরু করবে ফরাসি জায়ান্টরা। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব আতালান্তা। তাই এর আগেই কিছুটা সুস্থ হয়ে ওঠার চেষ্টা করবেন এনরিকে।
পিএসজির দায়িত্ব নেওয়ার পর থেকেই সাফল্য এনে দিয়েছেন সাবেক স্পেন ও বার্সেলোনা কোচ এনরিকে। তার অধীনে ফরাসি ক্লাবটি জিতেছে একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লিগ শিরোপা, দুটি ফ্রেঞ্চ কাপ এবং একটি উয়েফা সুপার কাপ। গত মাসেই তারা টটেনহ্যামকে হারিয়ে সুপার কাপ ঘরে তোলে। এছাড়া জুলাইয়ে পিএসজি প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলেছিল তার কোচিংয়ে।
এনরিকে দুর্ঘটনা থেকে দ্রুত সেরে ওঠে আবারও ডাগআউটে ফিরবেন বলে আশাবাদী সমর্থকরা।
আরটিভি/এসকে




