
আর মাত্র একদিন পরেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ ক্রিকেট। মধ্যপ্রাচ্যের দেশটির দুবাই ও আবুধাবিতে আয়োজিত হতে যাওয়া টি-টোয়েন্টি ফরম্যাটের আট জাতির এই আসরে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
তবে টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশ দলকে নিয়ে তাচ্ছিল্যমূলক মন্তব্য করেছেন ভারতের সাবেক ওপেনার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তার মতে, এবারের আসরে গ্রুপ পর্বেই থেমে যাবে টাইগাররা। সুপার ফোরে জায়গা করে নেবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
বাংলাদেশের দুর্বলতার জায়গা হিসেবে তিনি তুলে ধরেন দলের লিটন দাস নির্ভরতা এবং ট্রফি জয়ের অভাব। তবে এসব মন্তব্যকে পাত্তা দিচ্ছেন না টাইগারদের উইকেটকিপার ব্যাটার জাকের আলী।
রোববার (৭ সেপ্টেম্বর) দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমে জাকের আলী বলেন, কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের ক্রিকেট খেলব, আমাদের সেরা ক্রিকেট খেলব।
তিনি আরও জানান, ড্রেসিং রুমের পরিবেশ ভালো আছে এবং পুরো দল আত্মবিশ্বাসী। প্রস্তুতি নিয়েও তিনি আশাবাদী, ফিটনেস ক্যাম্প থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ পর্যন্ত আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। তাই এশিয়া কাপে ভালো কিছু করার আশা করছি।
উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, দ্বিতীয় ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।
আরটিভি/এসকে




