
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে দেশি আম্পায়ারদের দক্ষতা বাড়াতে আসছেন আইসিসির সাবেক বর্ষসেরা আম্পায়ার সাইমন টোফেল। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি আম্পায়ারকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বিসিবি। আগামী ১৩ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবেন তিনি।
শুরুর দিকে ধারণা করা হয়েছিল টোফেল তিন বছরের জন্য বিসিবির সঙ্গে যুক্ত হবেন। তবে বোর্ড সভার সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আপাতত দুই বছরের জন্যই থাকছেন তিনি। ঢাকায় পৌঁছানোর পরদিন বিসিবির সঙ্গে প্রাথমিক আলোচনায় বসবেন টোফেল। সেই বৈঠকের পর জানা যাবে তিনি ক’জন সহকারী নিয়ে কাজ করবেন এবং কবে থেকে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবেন।
২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হন টোফেল। ১৯৯৯ সালে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেকের পর মাত্র এক বছর পরই টেস্ট আম্পায়ারিংয়ের সুযোগ পান তিনি। দক্ষতা ও সততার কারণে ২০০৩ সালে আইসিসির এলিট প্যানেলে জায়গা পান এই অজি।
২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রায় এক দশক আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বিশ্বকাপ, অ্যাশেজসহ অসংখ্য বড় ম্যাচে দায়িত্ব পালন করেছেন টোফেল। তার আম্পায়ারিং ক্যারিয়ারে ৭৪ টেস্ট, ১৭৪ ওয়ানডে এবং ৩৪ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।
সবমিলিয়ে, সাইমন টোফেলের যুক্ত হওয়া বাংলাদেশের আম্পায়ারিং মান উন্নয়নের জন্য বড় সুযোগ হিসেবে দেখছে বিসিবি।
আরটিভি/এসকে




